ঢাকা, সোমবার ১০ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১০ আগস্ট ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন।

একটি সূত্র জানায়, রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈন।

তবে ‘র’ প্রধানের এই সফরের বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

পরাগ জৈনের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

ঢাকা সফরে প্রতিনিধি দলটি রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে বলে জানা গেছে। ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও সূত্রটি জানিয়েছে।

শেখ হাসিনার ভারতে অবস্থানসহ বিভিন্ন ইস্যুতে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যেই ‘র’ প্রধানের ঢাকা সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়