ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৭, ২৫ জুন ২০২৬

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা, মাজারের সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বক্তব্য রেখে বলেছেন, “ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ। ওরা কি এ দেশে থাকবে না? এটা ওদেরও দেশ।”

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি মাজারের সুরক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

ফজলুর রহমান বলেন, “এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ী। সেই পলাশবাড়ীতে দেখা যাচ্ছে ৮১ ফুট রাম মন্দির হচ্ছে। আর প্রতিদিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউনরা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, কিছু গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে ব্যবসা করতে চায় এবং তারা পৃথিবীর কোনো সভ্যতা, সংস্কৃতি বা ভিন্নমত শুনতে চায় না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “যদি মনে করেন সেখানে মন্দির করা ঠিক না বা রামমূর্তি স্থাপন করা ঠিক না, তাহলে কঠোরভাবে বন্ধ করে দেন। কিন্তু আমি মনে করি, ১০০ ফুট নয়, ৩০০ ফুট মূর্তি বানাক। আমি মুসলমান, আমার কী আসে-যায়? আমি তো ওটার দিকে তাকাই না। প্রয়োজনে আমি ২৫ তলা মসজিদ করব। অসুবিধা কী?”

তিনি আরও বলেন, “ও ওর মন্দিরে পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়ব। অসুবিধা কী? একসঙ্গে কি আমরা থাকতে পারব না?”

বাংলাদেশের ইতিহাসের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, “১২০৪ খ্রিষ্টাব্দের আগে এই ভূখণ্ডে হিন্দু ও বৌদ্ধদের বসবাস ছিল। আমরা এখানে এসেছি হযরত খাজা মঈনুদ্দীন চিশতী, খাজা নিজামুদ্দীন আউলিয়া, হযরত শাহজালাল, শাহ পরান, বায়েজিদ বোস্তামী, খান জাহান আলীসহ অলি-আউলিয়া ও দরবেশদের মানবতার বাণীর মাধ্যমে। তারা মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। এটাই সুফিবাদ।”

তিনি অভিযোগ করে বলেন, “সেই সুফিবাদকে অনেকে মানতে চায় না। তারা মাজার ভাঙতে চায়, আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায়।”

মাজারে হামলার বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “কুষ্টিয়ায় কেন মানুষকে কুপিয়ে মারা হলো? ফরিদপুরে কেন আগুন দেওয়া হলো? শাহজালালের মাজার ভাঙার জন্য কেন কোটি টাকার ঘোষণা দেওয়া হলো?”

মাওলানা ও আলেমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “মাওলানা-মৌলভী সাহেবদের আমি শ্রদ্ধা করি। কিন্তু পীর সাহেবদের দোষটা কী?”

মাজার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “এ দেশে মাজার থাকবে। আপনার ইচ্ছা হলে মাজারে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না।”

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়