ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ৮ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৫৭, ৮ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ২৬৪ কেজি গাঁজাসহ রাসেল মিয়া মাহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় একটি পরিত্যক্ত দোচালা টিনশেড ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। এ সময় অপরজন কৌশলে পালিয়ে যায়।

আটক রাসেল মিয়া মাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত ঘরের পাশে মাটির গর্তে তল্লাশি চালিয়ে আটটি পাটের বস্তা থেকে ২৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা নীল রঙের পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেটজাত অবস্থায় ছিল।

গ্রেপ্তার রাসেল মিয়া মাহিন কসবা উপজেলার বিশারা বাড়ি এলাকার মো. আব্দুর রউফ মিয়ার ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, সে ও পলাতক সহযোগী পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার রাসেল ও জব্দ করা গাঁজা কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়