ঢাকা, রোববার ২৬ জুলাই ২০২৬,   শ্রাবণ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ২৬ জুলাই ২০২৬

ব্যবসায়িক বিরোধে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যবসায়িক বিরোধের জেরে এনামুল হক (২৯) নামে এক গরু ব্যবসায়ীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় র‍্যাব-৯ ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কনক মিয়া (পিতা: মৃত কমর উদ্দিন) এবং সাগরিকা হিজড়া (স্বামী: কনক মিয়া)। তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী এলাকায়।

র‍্যাব জানায়, নিহত এনামুল হক কুমিল্লা জেলার কোতয়ালী থানার উত্তর মাঝিগাছা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি অভিযুক্তদের সঙ্গে যৌথভাবে গরুর ব্যবসা করতেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে আসছিল।

গত ১৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা কৌশলে এনামুল হককে বুড়িচং উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন একটি টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে তার হাত-পা রশি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

এনামুলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ২০২৬ ভোর ৪টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুমিল্লার বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২ (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) এবং র‍্যাব-১৪-এর সদর কোম্পানি (ময়মনসিংহ)-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত ওই দুই আসামিকে গ্রেফতার করে।

র‍্যাব আরও জানায়, এর আগে গত ১০ জুলাই ২০২৬ একই মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে র‍্যাব-৯ গ্রেফতার করেছিল।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়