ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ৮ আগস্ট ২০২৬

এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

 

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ আলম খান মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে বিশেষ দল অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পারভেজের অবস্থান শনাক্ত করার পর ডিবির একটি দল সাভারের রাজাশন এলাকায় অভিযান চালায়। পরে আলাউদ্দিন মসজিদের গলিতে রাতভর অভিযান শেষে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

এআই প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ
মামলার অভিযোগ অনুযায়ী, এম নাসের রহমানকে লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে একটি ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় নাসের রহমানের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্তে ডিজিটাল কনটেন্টটি তৈরি, সংরক্ষণ, সম্পাদনা ও প্রচারের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

একই মামলায় আগেও গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, একই মামলায় এর আগে জেলা গোয়েন্দা পুলিশ সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে। পারভেজ আলম খানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়ল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার পারভেজ আলম খানকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, “এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।”

প্রযুক্তিনির্ভর তদন্তে গুরুত্ব
তদন্ত সংশ্লিষ্টরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারও ছবি বা ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাজনৈতিক ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে এ ধরনের কনটেন্ট ছড়ানো হলে তা দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

মৌলভীবাজার ডিবির এ মামলার তদন্তেও তথ্যপ্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে, কারা এটি তৈরি বা সম্পাদনা করেছে, কোন অ্যাকাউন্ট বা ডিভাইস থেকে তা প্রচার করা হয়েছে এবং এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়