ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ৫ জুন ২০২৬

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সংসদ ভবন। ছবি: সংগৃহীত

সংসদ ভবন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে শনিবার রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত এলাকার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর, পান্থপথ-ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব এলাকার অন্তর্ভুক্ত সকল সড়ক ও গলিপথ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়