ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ১১ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে গণমানুষের কবি দিলওয়ারকে শ্রদ্ধা ও স্মরণ

‘পৃথিবী স্বদেশ যার আমি তার সঙ্গী চিরদিন’ দেশ কালের সীমা পেরিয়ে গণমানুষের কবি ছিলেন দিলওয়ার। তাঁর সমসাময়িকে তিনি ছিলেন একজন প্রধানতম কবি। রোববার (১০ অক্টোবর) তাঁর প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা ও স্মরণ করলো শিশুকিশোর ত্রৈমাসিক ম্যাগাজিন ‘শৈশব’ পরিবার।

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কবিপুত্র কামরান ইবনে দিলওয়ার। শ্বাশতি দাশের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈশবের প্রতিষ্ঠাতা সম্পাদক মায়া ওয়াহেদ, নাট্যকার আব্দুল মতিন, সমাজচিন্তক আহমদ সিরাজ। 

আব্দুল মতিন বলেন, কেবল একাডেমিক শিক্ষা যথার্থ শিক্ষা নয়। প্রকৃতি থেকে যে পাঠ গ্রহণ করা হয় সেই পাঠই প্রকৃত শিক্ষা। কবি দিলওয়ার ছিলেন যথার্থ শিক্ষিত একজন বৈশ্বিক চেতনার মানুষ। 

আহমদ সিরাজ বলেন, আমরা কত কত কবি সাহিত্যিকের নাম শুনে থাকি কিন্তু কবি দিলওয়ারের মতো শক্তিমান একজন কবির নাম খুব একটা শোনা যায় না। 

কবিপুত্র কামরান ইবনে দিলওয়ার শৈশব কৈশোরের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, নানা কারণে শৈশবে আমাদের প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই শিক্ষার মাধ্যমে আমাদের বোধের জায়গাটা আরও উন্নত করা চাই।

 সভায় কবি সাহিত্যিক শিক্ষক সাংবাদিক, শিশু-কিশোরসহ অনেকেই উপস্থিত হয়েছিলেন। সভায় শিশুকিশোর ত্রৈমাসিক ম্যাগাজিন ‘শৈশব’ এর ৬২তম সখ্যার প্রকাশনা অনুষ্ঠিত হয়। 

এবারের সংখ্যায় শিশু মো. আবু ইউছুফকে নিয়ে প্রচ্ছদ করা হয়। কবি দিলওয়ারের উপর বিশেষ প্রবন্ধ ও ফিচার প্রকাশ করা হয়। 

শৈশবের সম্পাদক মহিদুর রহমান ও শিক্ষক মো. আনোয়ারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কবি জাহাঙ্গীর জয়েস, শিক্ষক মাধুরী মজুমদার, শ্যামলী চন্দ, কন্দর্পবিজয় চৌধুরী, আয়ুব আলী, আবিনাশ বিশ্বাস, আফজাল হোসেন প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়