ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

পুলক পুরকায়স্থ

প্রকাশিত: ১৭:০৬, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৫০, ১১ অক্টোবর ২০২১

দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ

মহেশ্বরী পূজামন্ডপ

মহেশ্বরী পূজামন্ডপ

দেবী দুর্গা আসছেন। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনি দিয়ে দেবীকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবীকে বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ।

সোমবার (১১ অক্টোবর) ষষ্ঠীপুজার মধ্য দিয়ে আগমন ঘটবে দেবী দুর্গার। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই চলছে প্রতিটি মণ্ডপের কাজ।

ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ১৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসবের।

মৌলভীবাজার শহরের বেশ কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির পাশাপাশি মন্ডপ সজ্জায় ব্যস্ত সাজসজ্জায় নিয়োজিত কর্মীরা। কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, আখড়া ও দুর্গাবাড়ীসহ সৈয়ারপুরের ত্রিণয়নী ও আবাহন এবং গীর্জাপাড়ার মহেশ্বরী পূজা মন্ডপে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

প্রতিমা শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাচ্ছেন দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও দেবীর বাহন সিংহ। ইতোমধ্যেই মাটির কাজ শেষে রঙ ও সাজসজ্জার পাশাপাশি ছোট-বড় বিভিন্ন মণ্ডপের মঞ্চ, প্যান্ডেল, তোরণ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এখন চলছে সাজসজ্জা, সাউন্ড ও লাইটিংয়ের কাজ। এ উপলক্ষে পৌরশহরের প্রতিটি পুজো মন্ডপে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।

মহেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ রায় বলেন, 'সবসময়ই নতুনত্ব কিছু করার চেষ্টা করি, এ ধারবাহিকতায় এবারও সাত্ত্বিক পূজার্চনার পাশাপাশি বর্ণিলভাবে মন্ডপ সাজিয়েছি। করোনা পরিস্থিতিতে মন্ডপের প্রবেশ মুখে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজামন্ডপ এবং আশেপাশে আমাদের স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। আশা করি, সবার সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খল ভাবেই এবারের দুর্গোৎসব পালন করতে পারবো।'

সৈয়ারপুরের ত্রিণয়নী পুজো মন্ডপে দেশের বিভিন্নজেলা থেকে দর্শনার্থীরা আছেন। এবার তাদের আয়োজন 'ইন্দ্রপুরীতে দেবীদুর্গা' জানান, ত্রিণয়নী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীকান্ত সূত্রধর। 

তিনি বলেন, ‘দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে। এখন শুধু আমরা স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দূরত্বসহ নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পায় এবং নিরাপত্তা নিশ্চিত থাকে।'

এদিকে, করোনাভাইরাসের কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মণ্ডপে আগত দর্শনার্থীদের মাস্ক পরা, নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য নির্দেশনা মেনে এবারের দুর্গাপূজার আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে জানান, সদর পূজা উদযাপন কমিটির সম্পাদক সুমেশ দাস যীশু।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর মৌলভীবাজার পৌরশহর, সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে জেলায় সর্বমোট ১ হাজার ৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে জেলায় সার্বজনীন পূজা মন্ডপ রয়েছে ৮৭৯টি ও ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে ১২৬টি।

আরও বিস্তারিত আইনিউজের ভিডিওতে-

আইনিউজ/পুলক পুরকায়স্থ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়