ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৮, ১৫ অক্টোবর ২০২১
আপডেট: ১০:৪৫, ১৫ অক্টোবর ২০২১

সারদ প্রাঙ্গণে বিষাদের সুর, রাত পোহালেই দশমী

সারদ প্রাঙ্গণে বিষাদের সুর, রাত পোহালেই বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমী শেষে আজ দেবী বিসর্জনের দিন। এই দিনে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে। কারণ সনাতন শাস্ত্রমতে, দেবীদুর্গা ফিরে যাবেন কৈলাসে। দশমীতে হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবীদুর্গাকে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, আখড়া ও দুর্গাবাড়ী, সৈয়ারপুরের ত্রিনয়নী ও আবাহন এবং গীর্জাপাড়ার মহেশ্বরীসহ বিভিন্ন পূজা মন্ডপে বিহিতপুজার মাধ্যমে অনুষ্ঠিত হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করেন দেবীর চরণে।

কালীমন্দিরের পৌরহিত কন্দর্প নারায়ণ চক্রবর্তী জানান, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবীদুর্গা। নবমী তিথিতে শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট সর্বমোট ৪৮ মিনিটে সন্ধিপূজা হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এসময়। এ সময়েই দেবীদুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কারণ, পরের দিন কেবল বিসর্জনের পর্ব।

গত ১১ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হযেছিল দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবার দেবী এসেছিলেন ঘোটকে চড়ে এবং আগামীকাল শুক্রবার (১৫ অক্টোবর) দশমীর দিন বিদায় নেবেন দোলায় বসে।

আইনিউজ/ পুলক পুরকায়স্থ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়