নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:০৪, ২৫ অক্টোবর ২০২১
মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য্য তুলে ধরতে ২৯ অক্টোবর হাফ ম্যারাথন (ভিডিও)
মৌলভীবাজারে ম্যারাথন । ফাইল ছবি
চায়ের দেশ মৌলভীবাজারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য তুলে ধরতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন ২০২১’। অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর। ফিনিশাররা পাবেন ‘চা কন্যা’ মেডেল।
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাব যৌথভাবে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে। সার্বিক সহযোগিতায় রয়েছে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা।
প্রায় দেড় বছর হয়নি কোনো আয়োজন। করোনায় স্থবির ছিলো সবকিছু। তাই নতুন উদ্যমে সামনে এগোতে চায় মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাব।
মৌলভীবাজার রানার্স ক্লাবের আয়োজক ইমন আহমদ আইনিউজকে জানিয়েছেন, এবারের আসরে প্রায় ৬০০ জন রানার অংশগ্রহণ করবেন। থাকবেন বিদেশী রানাররা। এই বৃহৎ আয়োজনের মূল উদ্দেশ্য দেশের অন্যতম পর্যটন জেলা, চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলাকে বিশ্বব্যাপী তুলে ধরা।
আয়োজকরা জানান- ইতিমধ্যে নির্ধারিত ৬০০ জন নিবন্ধন করে ফেলেছেন। নতুন করে আর নিবন্ধন হচ্ছে না, সুযোগও নেই। নিবন্ধন করা ৬০০ জন রানারের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২২ জন নারী-পুরুষ নিবন্ধন করেছেন।
এবারের হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার—এ দুই ক্যাটাগরির দূরত্বের দৌড় হবে। ২৯ অক্টোবর সকাল সাড়ে ছয়টায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণের মেয়র চত্বর থেকে দৌড় শুরু হবে। ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মেয়র চত্বর থেকে শুরু করে বর্ষিজুরা ইকোপার্ক সড়ক, কালেঙ্গা সড়ক, কালেঙ্গা বাজার, দেওরাছড়া চা-বাগান হয়ে কমলগঞ্জের ছয়ছিরি দীঘি পর্যন্ত থেকে পুনরায় মেয়র চত্বর আসতে হবে। অন্যদিকে ১০ কিলোমিটারের দৌড় হবে মেয়র চত্বর থেকে একই সড়ক ধরে দেওরাছড়া চা-বাগানের একাত্তরের বধ্যভূমি হয়ে আবার মেয়র চত্বর।
এক্ষেত্রে মিনি ম্যারাথনে ১০ কিলোমিটারের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। ২১ কিলোমিটার হাফ ম্যারাথনের সময় ৩ ঘণ্টা ৩০ মিনিট। যারা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারবেন তারা হবেন ফিনিশার। প্রত্যেক ফিনিশার পাবেন 'চা কন্যা' আদলে মেডেল, যা মৌলভীবাজার জেলার পর্যটন এবং মৌলভীবাজার জেলার প্রতিনিধিত্ব করে।

আয়োজক সঞ্জীব মীতৈ জানান, করোনাকালের স্থবিরতা কাটিয়ে সবাইকে চাঙা করে তুলতেই এ আয়োজন। এরইমধ্যে নিবন্ধন শেষ হয়ে গেছে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরাও অংশ নিচ্ছেন ম্যারাথনে। অংশগ্রহণকারী সবাইকে টি-শার্ট ও মেডেল দেওয়া হবে। চায়ের জেলা হিসেবে এবারে মেডেলের থিম করা হয়েছে ‘চা-কন্যা’।
আগামী ২৯ অক্টোবর ভোর সাড়ে ৬টায় মৌলভীবাজার পৌর মেয়র চত্বর থেকে শুরু হবে এই ম্যারাথন। পরে সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে হবে এর পুরস্কার বিতরণ।
আয়োজকরা জানান, ২০১৯ সালে প্রথমবার মৌলভীবাজারে হাফ ম্যারাথনের আয়োজন করেন উদ্যোক্তারা। মূলত আয়োজকদের এ যাত্রা শুরু হয় সাইক্লিং দিয়ে। মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির ব্যানারে তরুণদের সাইক্লিং জেলায় বেশ জনপ্রিয়। সাইক্লিং কমিউনিটির তরুণেরা নিয়মিত দৌড়ে অংশ নেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























