ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

জীবন পাল

প্রকাশিত: ২১:৩৪, ২০ জানুয়ারি ২০২২

সিলেটের গুরুত্বপূর্ণ তিন পয়েন্টে ফের ওএমএস’র পণ্য বিক্রি শুরু

সিলেটের কিন ব্রিজের পাশে ওএমএস এর ট্রাকের সামনের লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ৫২ বছর বয়সী জলালপুরের মনু মিয়া। খাদ্য অধিদপ্তর পরিচালিত ট্রাকে করে পণ্য কার্যক্রমের নিয়মিত ক্রেতা তিনি। ২ মাস পর আবার খাদ্য অধিদপ্তরের এ কার্যক্রম শুরু হয়েছে দেখে এতে অনেকটাই খুশি কাঁচামালের ব্যবসার সাথে জড়িত এই ব্যক্তি।

এদিকে ব্যাগ হাতে মহিলাদের লাইনে দাঁড়িয়ে চাল আর আটা কেনার জন্য অপেক্ষা করতে দেখা গেছে তোপখানা রোডের লাভলী বেগম ও ছড়ার পারের মনোয়ারা বেগম।  ট্রাকে করে ওএমএস এর এ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে শুনে বাড়ির কাজ ফেলে ছুটে এসেছেন তারা। 

 ক্লাস নাইনের শিক্ষার্থী বঙ্গবীর রোডের বাসিন্দা তাসিন। বাজারে পণ্যের দাম দেখে কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে আছে সে। বাসার জন্য কিছুটা কমমূল্যে চাল,আটা কিনে বাসায় ফেরার মধ্যেই যার আজকের দিনের স্বার্থকতা।

বাজারমূল্যের চাইতে কিছুটা কম মূল্যে পণ্য কেনার সুযোগটা হাতছাড়া না করার জন্যই মনোয়ারা, লাভলী, তাসিন ও মনু মিয়ার মত নিম্ন আয়ের অনেকেই এভাবে ছুটে এসেছেন। ফুরিয়ে যাবার আগেই যাতে নিজেদের বাড়ির জন্য প্রয়োজনীয় এসব পণ্য কিনে নিয়ে বাড়ি ফিরতে পারে সেটাই তাদের মূল উদ্দেশ্য। 

ছড়ার পাড়ের ডিলার মো. আব্দুল মান্নান তার ছেলেকে সাথে নিয়ে সকাল ৯ টা থেকে কিন ব্রিজের সামনে ট্রাকে করে খাদ্য অধিদপ্তরের এ কার্যক্রম পরিচালনা করছিলেন।

করোনাভাইরাস সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে এ কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক শুভ্রত কর। নিম্ন আয়ের মানুষদের জন্যই মূলত সরকারের বিশেষ এ কার্যক্রম বলে জানান তিনি।

তিনি বলেন, দোকানে দোকানে ওএমএস এর কার্যক্রম তো চলমান আছেই। কিন্তু ভোক্তাদের কথা চিন্তা করে সহজে তাদের হাতে কম মূল্যে এসব পণ্য পৌঁছে দিতেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের এ কার্যক্রম আজ (২০ জানুয়ারি) থেকে পুনরায় চালু হয়েছে। 

সিলেট শহরের বন্দর বাজার,মদিনা মার্কেট ও কদমতলী পয়েন্টে আজ থেকে ট্রাকে করে খাদ্য অধিদপ্তরের চাল ও আটা বিক্রির কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়। প্রতিটি ট্রাকে দেড় টন চাল ও ১ টন আটা রয়েছে। 

করোনাভাইরাস সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চাল ও আটার বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষে ওএমএস এর এ বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ (২০ জানুয়ারি) থেকে  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাদ্য অধিদপ্তরের এ কার্যক্রম চলমান থাকবে। যে কার্যক্রমে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে জনপ্রতি ৫ কেজি করে ভোক্তা পর্যায়ে চাল ও আটা বিক্রয় করা হবে।

আইনিউজ/জীবন পাল/এসডিপি

আইনিউজ ভিডিও 

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়