ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ৩০ জানুয়ারি ২০২২

শিগগিরই সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

মো. তাজুল ইসলাম

মো. তাজুল ইসলাম

সিলেট মহানগরীতে পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে শিগগিরই সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমনটা জানিয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ-১৯৯৬ অনুযায়ী সিলেট সিটি করপোরেশন এলাকায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) গঠনের কার্যক্রম গ্রহণ বিষয়ক পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিলেট শহর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। জনসংখ্যা ও শহর বিস্তৃতির কারণে নগরবাসীকে উন্নততর আবশ্যকীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। মহানগরীর জনগণের জন্য পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

আরও পড়ুন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরী মারা গেছেন

তাজুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে সিলেট ওয়াসা গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকুরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

শহর ও গ্রামাঞ্চলে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়নে বাস্তবমুখী টেকসই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক পরিবেশ রক্ষায় তার মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার ভূ-গর্ভস্থ উৎসের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের নদ-নদীর পানি ব্যবহার, পুকুর খনন, রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশ সারফেস ওয়াটার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশ এ সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন করবে।

আরও পড়ুন- সিলেটের নতুন জেলা প্রশাসক মো. মজিবর রহমান

স্থানীয় সরকার মন্ত্রী জানান, পৃথিবীর অনেক দেশেই পানির সমস্যা আছে। নদীমাতৃক দেশ হওয়ায় বিশ্বের বহু দেশের তুলনায় আমাদের পানির সমস্যা তুলনামূলক কম। এরপরও আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু পানি নয়, অন্যান্য খাত নিয়ে সম্মিলিতভাবে কাজ করায় সব সেক্টরের উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সভায় ভার্চুয়ারি যুক্ত হয়ে জানান, সিলেটে আগের তুলনায় জনসংখ্যা বহুগুণ বেড়েছে। ফলে এখানে একটি ওয়াসা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছিলো। এ উপলব্ধি থেকে সিলেট ওয়াসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় তিনি স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দ্রুত এটি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়