ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৬, ১১ জুলাই ২০২১
আপডেট: ২৩:৪৬, ১১ জুলাই ২০২১

মৌলভীবাজারে সাতদিনে করোনা শনাক্ত পাঁচ শতাধিক

সারাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। সংক্রমণের সাথে তাল মিলিয়ে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। একের পর এক রেকর্ড ভেঙে অদৃশ্য এই ভাইরাসটি বিস্তার লাভ করছে। সরকার নির্দেশিত লকডাউনও কোনোভাবেই লাগাম টানতে পারছে না পরিস্থিতির। 

মৌলভীবাজার জেলায়ও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এক মাস আগেও জেলাটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ থেকে ২০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু রোববার রেকর্ড ১৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, পরিস্থিতি কত দ্রুত খারাপ হচ্ছে। 

সিভিল সার্জন কার্যালয়ের গত সাতদিনের (৫জুলাই-১১ জুলাই) তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৪০ জন। শনাক্তের হার ৪৪ শতাংশ। 

এই সাতদিনে করোনাকে জয় করেছেন ৯০ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ১৬ শতাংশ। অপরদিকে মারা গেছেন ৪ জন। 

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুসারে কোনো ব্যক্তি যে স্থানে নমুনা পরীক্ষা করাবেন তাকে সেখানের তালিকায় দেখানো হবে। অর্থাৎ মৌলভীবাজারের কোনো বাসিন্দা যদি সিলেট বা ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষা করান অথবা চিকিৎসা নেন তাহলে নিয়ম অনুসারে তাকে সিলেট বা ঢাকার তালিকায় দেখানো হবে। করোনায় মৃত্যুর ক্ষেত্রেও নিয়ম একই। এক্ষেত্রে মৌলভীবাজারের উপরোক্ত তথ্যগুলো সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুসারে। তাই বলা যেতেই পারে, মৌলভীবাজার জেলায় করোনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা এর চেয়ে বেশি। 

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিত্সা এবং জরুরি সেবা দিতে হিমশিম খাচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতালগুলো। বিশেষজ্ঞ চিকিত্সকরা বলছেন, সামনে আরো ভয়াবহ বিপদ। এভাবে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে আর সংক্রমণ রোধ না করা যায়, তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন কিছুদিন আগে জানিয়েছিলেন, ‘দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি আবারও বাড়ছে। এই অবস্থায় সংক্রমণ প্রতিরোধে করণীয় তিনটি। রোগী শনাক্ত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা প্রদান।

তবে করোনা মহামারির এই কঠিন দুঃসময়ে সুস্থ থাকা এবং বেঁচে থাকার দায়িত্ব আসলে যার যার নিজের। বাঁচার সহজ উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর এটাই একমাত্র উপায়। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।    

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়