ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ১৩ জুলাই ২০২১
আপডেট: ২৩:৩৪, ১৩ জুলাই ২০২১

মৌলভীবাজারে দুইদিনে সিনোফার্মের টিকা নিলেন ৩৮৩৫ জন

সিনোফার্মের করোনা টিকা

সিনোফার্মের করোনা টিকা

চীনের সিনোফার্মের টিকা দেওয়ার মধ্য দিয়ে মৌলভীবাজার ফের শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে জেলায় প্রায় চার হাজার মানুষ চীনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, সোমবার (১২ জুলাই) ও মঙ্গলবার (১৩ জুলাই) মৌলভীবাজারে ৩ হাজার ৮৩৫ জনের শরীরে সিনোফার্মের টিকা প্রয়োগ করা হয়েছে। যার মধ্যে প্রথম দিনে নিয়েছেন ১ হাজার ২৫২ জন এবং দ্বিতীয় দিন নিয়েছেন ২ হাজার ৫৮৩ জন। 

উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে সদরে ১৬২৪ জন, রাজনগরে ৩০৪ জন, কুলাউড়ায় ৫২০ জন, বড়লেখায় ১৯০ জন, কমলগঞ্জে ৬৪৮ জন এবং শ্রীমঙ্গলে টিকা নিয়েছেন ৫৪৯ জন ।

এর আগে গত ১১ জুলাই মৌলভীবাজারে এসে পৌঁছায় সিনোফার্মের ২৯ হাজার ৬০০ ডোজ টিকা। ইতিমধ্যে নিবন্ধন করা ব্যক্তিরাই সিনোফার্মের টিকা পাবেন।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে মৌলভীবাজারসহ সারাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে শুরু হয় করোনার গণটিকাদান কার্যক্রম। ভারত টিকা রফতানি পুরোপুরি বন্ধ করে দিলে বাংলাদেশে দ্বিতীয় ডোজের টিকার স্বল্পতা দেখা দেয়। যার ফলে বন্ধ হয়ে যায় টিকাদান কর্মসূচি।  পরে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে টিকা কিনতে যোগাযোগ করে বাংলাদেশ। 

এরই পরিপ্রেক্ষিতে চীন থেকে উপহার হিসেবে দুই দফায় ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা পেয়েছে বাংলাদেশ। পরে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা দেশে আসে জুলাইয়ের শুরুতে। 

প্রথমে এই টিকা শুধু মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হচ্ছিল। পরে ১৯ জুন থেকে এই টিকার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। 

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল দেশে জরুরি ব্যবহারে সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের অধীন বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস উদ্ভাবিত বিবিআইবিপিকরভি নামের দুই ডোজের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। 

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়