আব্দুর রব
আপডেট: ১৬:৫০, ১৫ জুলাই ২০২১
স্বেচ্ছাশ্রমে জলের গ্রামের রাস্তা মেরামত
পর্যটকদের আকর্ষণীয় স্থান জলের গ্রাম অন্তেহরী গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি বেহাল দশায় দীর্ঘদিন ধরে নিমজ্জিত। এলাকার দেড়শো মানুষের উদ্যোগে টাকা-শ্রমে মেরামত হলো রাস্তাটি।
কেউ দিয়েছেন টাকা কেউ দিয়েছেন শ্রম। টাকা আর স্বেচ্ছাশ্রমে ৬০ হাজার টাকা ব্যয়ে মেরামত করা হলো ২ কিলোমিটার সড়ক। এলাকার দেড় শতাধিক মানুষের অংশগ্রহণে ১৫ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত সম্পন্ন হলো এ কর্মযজ্ঞ।
অন্তেহরি, মুজেফরপুর এবং কাদিপুর গ্রামের গ্রামবাসী রাস্তা সংস্কারে যুক্ত হন। হাওরের কোল ঘেষে দাড়িয়ে আছে রাস্তাটি। তিনটি গ্রামের ১৫ হাজার মানুষের চলাচল করে এই রাস্তা দিয়ে। দীর্ঘদিন কাজ না হওয়ায় অযত্ন অবহেলায় ভেঙে চৌচির হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান অন্তেহরী গ্রাম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষায় পানির উপর ভেসে থাকা গ্রাম ও হিজল-করচ-তমাল বন দেখতে হাজারো পর্যটক প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে আসেন এখানে। অথচ এই এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তার এই ভগ্নদশার কোন সমাধান হচ্ছে না।

অন্তেহরী গ্রামের মঞ্জু চক্রবর্তী জানান- দীর্ঘদিন থেকে আমরা দাবি করে আসছি রাস্তাটি চলাচলের উপযোগী করে পাকাকরণ করার জন্য। কেউ এ দিকে নজর দিচ্ছেন না। বোরো ফসলের উপর নির্ভরশীল এলাকার মানুষের ধান ঘরে তুলতে সমস্যা হয়। বারবার দুর্ঘটনা ঘটে, লোকজন আহত হন। অথচ ভোট আসলে আমাদের নানা প্রতিশ্রুতি দেয়া হয়, ভোট চলে গেলে আর কোন খোঁজ থাকে না।
স্থানীয় ইউপি সদস্য গোপেশ সরকার জানান, রাস্তার দুর্ভোগের ফলে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে সমস্যা হয়, চাকরিজীবিদের সমস্যা হয়। কেউ অসুস্থ হলে সমস্যা আরো প্রকট হয়। কোন গাড়ি এলাকায় ঢুকতে পারে না। রোগীদের আদিম পদ্ধতিতে পলো দিয়ে নিয়ে যেতে হয়। এখন করোনার সময়,আমরা আতংকিত, তাই এলাকার মানুষের সহায়তা, ভাঙা ইট,বালু ও পলি মাটি দিয় মেরামত করেছি।
ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ জানান- এই রাস্তা পাকাকরণের জন্য এলজিইডিতে আবেদন করেছি, স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ রয়েছে, জেলা প্রশাসকও অবগত। আমাদের দাবি উন্নয়ন কাজ শুরুর প্রথম দিকে ১৫ হাজার মানুষ চলাচলের এই রাস্তা পাকা করে দেওয়ার।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে অন্তেহরী গ্রাম। জেলা প্রশাসন থেকে ২০১৮ সালে পর্যটন এলাকা ঘোষণা করে নামকরণ করেছিলেন 'জলের গ্রাম অন্তেহরী'। এরপর জেলা প্রশাসন থেকে নৌকা নির্মাণসহ বেশ কিছু উন্নয়নমুলক কাজ হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























