ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ১৬ জুলাই ২০২১
আপডেট: ০৮:২৯, ১৭ জুলাই ২০২১

মাস্ক ছাড়া বের না হতে মৌলভীবাজারের পৌর মেয়রের মাইকিং

মৌলভীবাজারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় নমুনা পরীক্ষা অনুযায়ী ৫৩৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। অপরদিকে ঈদকে সামনে রেখে বাড়ছে জনসমাগম। উদ্ভুত পরিস্থিতিতে উদ্বিগ্ন জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।  

এই অবস্থায় করোনার সংক্রমণ প্রতিরোধে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল এবং বিভিন্ন সড়কে সচেতনতামূলক প্রচারণায় নেমেছেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান ও পৌর কাউন্সিলররা। এ সময় মাস্ক ছাড়া ঘর থেকে বের না হতে পৌরবাসীকে অনুরোধ জানান মেয়র ফজলুর রহমান। 

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে জেলা শহরে তারা পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। বিভিন্ন সড়কে মাস্ক ব্যবহার নিশ্চিতে সচেতনতামূলক প্রচারণায় হ্যান্ড মাইক নিয়ে নিজে প্রচারণা করেন পৌর মেয়র ফজলুর রহমান। এছাড়া পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়সল আহমদ, আসাদ হোসেন মক্কু, অ্যাডভোকেট পার্থ সারথী পাল জনসচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ করেন। এ সময় পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তাঁরা শহরের চৌমোহনা, সাইফুর রহমান রোড, কুসুমবাগ এলাকাসহ বিভিন্ন সড়কে এবং শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন। এ সময় রিকশা ও সিএনজি চালক এবং যেসব পথচারীদের মাস্ক ছিলো না, তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

সচেতনতামূলক প্রচারণায় মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের না হতে অনুরোধ করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে মাস্ক ব্যবহার ছাড়া ক্রয়-বিক্রয় না করা হয়।

পৌর মেয়র ফজলুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে সরকারি বিধিনিষেধ শিথিল করায় শহরে জনসমাগম বেড়ে গেছে। শপিং মল ও মার্কেটে বাড়ছে মানুষের ভিড়। মৌলভীবাজার শহরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাস্তায়, হাট-বাজারে ও ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। পৌরসভার সকল সড়কের ব্যবসায়ীদের উৎসাহিত করতে এই ক্যাম্পেইন চলবে। করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে পৌরবাসীর সহযোগিতা চান তিনি।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়