ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২২, ১৭ জুলাই ২০২১
আপডেট: ২০:৩৫, ১৭ জুলাই ২০২১

বড়লেখা ও জুড়ী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী

করোনা মহামারিতে রোগীর অক্সিজেন-সংকট নিরসনে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

শনিবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স দুটিতে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।

মন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত লায়লা নীরা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরিবেশমন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্রব্যবসায়ীকে নগদ সহায়তার জন্য ৪৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস চালু করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।  গ্রামীণ এলাকায় কর্মসৃজন মূলক কার্যক্রমে অর্থায়নের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, বড়লেখা উপজেলার জনগণকে ইতোমধ্যে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে , আরও সাহায্য পাইপলাইনে আছে, যাচ্ছে। সকলেই সাহায্য সহযোগিতা পাবেন, চিন্তা করবেন না।

শাহাব উদ্দিন আরও বলেন, বর্তমানে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কাজেই সবাইকে অনুরোধ করব একটু সচেতন থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে পারবেন। এই করোনাভাইরাসকে সাধারণ মনে করবেন না, যে কোন সময় আপনাকে আক্রান্ত করে জীবন সংশয়ে ফেলতে পারে। তাই তিনি সকলকে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। মন্ত্রী এসময় অসহায় মানুষের ত্রাণসামগ্রী বিতরণ তালিকাটা সঠিকভাবে প্রস্তুত এবং ধৈর্যসহ ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

অন্যদিকে জুড়ীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রঞ্জিতা শর্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের কাছে ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

প্রসঙ্গত, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যুক্ত ৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সিলিন্ডার হলো মোট ২৬টি। জুড়ীতে ৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সিলিন্ডার হলো মোট ২২টি।

আইনিউজ/এজে লাভলু/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়