ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ২০ জুলাই ২০২১
আপডেট: ১৭:৩৮, ২০ জুলাই ২০২১

ছাত্র ইউনিয়নের ভ্যাকসিন নিবন্ধন সহায়তা নিলেন ১২৮ জন

করোনা টিকার নিবন্ধনে শ্রমজীবী মানুষসহ সকল শ্রেণী-পেশার মানুষকে আগ্রহী ও সচেতন করতে বাংলাদেশ  ছাত্র ইউনিয়ন অস্থায়ী বুথ করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছে। 

আজ মঙ্গলবার ( ২০ জুলাই) নিবন্ধনের তৃতীয় দিনে ১২৮ জন নিবন্ধন করেছেন। প্রথম দিনে ৫২ জন লোকের নিবন্ধন করা হয়। দ্বিতীয় দিনে শহরে মাইকিং ও বাসায় বাসায় প্রচারণা চালানো হয়।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের ফরেস্ট অফিস রোডে এই কার্যক্রম চালানো হচ্ছে। নিবন্ধন কার্যক্রম চলার পাশাপাশি করোনার টিকা নিতে সকল শ্রেণীপেশার মানুষকে আগ্রহী করা হচ্ছে। মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী বুথ করে পর্যায়ক্রমে পুরো শহরে এই কার্যক্রম চালানোর কথা জানান ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ। 

পর্যায়ক্রমে পুরো জেলায় এ কার্যক্রম পরিচালনার কথা জানান সংগঠনের সদস্যরা। নিবন্ধন বুথ পরিচালনায় ছিলেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজারের জেলা ও শহর কমিটির নেতৃবৃন্দ। সভাপতি পিনাক দেব, সহ সভাপতি তপন দেবনাথ, শহর শাখা কমিটির সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ শর্মা, কোষাধ্যক্ষ সৈকত চন্দ্র দাস এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

ছাত্র ইউনিয়ন সভাপতি পিনাক দেব জানান, মানুষের মধ্যে সচেতনতা ও আগ্রহ কম। অধিকাংশ  মানুষ সেই পুরোনো ধারণা ও বিশ্বাস ধারণ করছে। আমাদের উদ্যোগে বাসায় বাসায় প্রচারণার সময় দেখেছি ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এই বিষয়টি উপলব্ধি করতে পারছেন না। তারপরও আমরা মানুষজনকে বুঝানোর চেষ্টা করছি। আমাদের বিশ্বাস ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলে সকল মানুষকে নিবন্ধন ও টিকার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। সকল মানুষকে টিকার আওতায় আনতে না পারলে আমরা করোনা থেকে মুক্তি পাবো না। 

করোনা মহামারির শুরু থেকে  হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী নিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছিল ছাত্র ইউনিয়ন। এবার শ্রমজীবীদের করোনা ভ্যাকসিন নিবন্ধনে সহায়তায় সংগঠনটি এ কার্যক্রম শুরু করেছে।

আইনিউজ/এআর/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়