ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ২৭ জুলাই ২০২১
আপডেট: ১১:২১, ২৮ জুলাই ২০২১

মৌলভীবাজারে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ নিশ্চিতে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও তৎপর রয়েছে সেনাবাহিনী।

মৌলভীবাজারে মঙ্গলবার (২৭ জুলাই) সেনাবাহিনী সদস্যদের টহল কার্যক্রম ও লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। 

তিনি মঙ্গলবার (২৭ জুলাই) শহরের কুসুমবাগ এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে ​করোনা পরিস্থিতির এ সংকটময় অবস্থায় সকলকে সরকার প্রদত্ত বিধিনিষেধ যথাযথভাবে পালনের আহ্বান জানান। 

এসময় উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. শেরাফ উদ্দীন খাঁন।

মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।

এ সময় তিনি কয়েকটি দোকানদারদের সাথে কথা বলে জানতে চান, কখন খোলা ও বন্ধ করা হয়। ক্রেতাগণ মাস্ক পরে কিনা, পার্সেলের মাধ্যমে বিক্রি করে কি না। একইসঙ্গে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কর্নেল তৌফিক হামিদ, টহল অধিনায়ক মেজর মাহমুদুল হাসান।

সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনার নিমিত্ত জেলা প্রশাসন, মৌলভীবাজারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাবরিনা রহমানসহ অনেকে।

মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রাজনগর উপজেলায়ও পরিদর্শনে যান। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার প্রিয়াংকা পাল, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়