ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:২১, ২৭ জুলাই ২০২১
আপডেট: ২২:৪৮, ২৭ জুলাই ২০২১

বিদেশগামীদের সাথে মৌলভীবাজার-ঢাকা যাত্রী পরিবহন, ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট

ঘটনাস্থল মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড। প্রাইভেট গাড়িতে তোলা হচ্ছে যাত্রী, গন্তব্য রাজধানী ঢাকা। মূলত বিদেশগামী দুইজন যাত্রী ভ্যাকসিন নিতে ঢাকা যাবেন। দুইজন মধ্যপ্রাচ্য যাত্রী সে দেশের চাহিদামতো সুনির্দিষ্ট কোম্পানীর ভ্যাকসিন নিতে ঢাকা যাবেন। কিন্তু গাড়িচালক এ সুযোগকে কাজে লাগিয়ে আরও চার-পাঁচজন ঢাকাগামী যাত্রী তুলে নিয়েছেন গাড়িতে।

গোপন সংবাদে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। প্রথমদিন জরিমানা না করে শুধু কঠোরভাবে সতর্ক করে দেন গাড়িচালক ও যাত্রীদের। ঘটনাটি গতকাল ২৬ জুলাই রাত ৯টা থেকে সাড়ে ১০টা। 

এদিকে শহরের কুসুমবাগে এস আর প্লাজার সামনেও অভিযান চালানো হয়। বিধিনিষেধের মধ্যেও লুকিয়ে মোবাইল ফোন ও এর সরঞ্জামাদি বিক্রি করা হয় এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম আইনিউজকে বলেন, এসময় একাধিক ব্যক্তিকে বিধিনিষেধ লঙ্ঘন করা অবস্থায় হাতেনাতে ধরা হয়। এস আর প্লাজা এবং আশেপাশের মার্কেট সংলগ্ন এলাকায় অভিযানে বিধিনিষেধ লঙ্ঘনকারীদের বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারের (২৭ জুলাই) আপডেট অনুযায়ী সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ১০৬ জন। শনাক্তের হার ৪১ দশমিক ৯ শতাংশ। এই হার এর আগে ৩৫ দশমিক ৬৩ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৮৮২ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৯৮ জন সুস্থ।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়