ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ২ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৫৮, ২ আগস্ট ২০২১

করোনায় মৃত্যু: হাঁটু পানিতেই দাফন, মাটি দিতেও পাশে আসলো না পরিবার

ছবি: আইনিউজ।

ছবি: আইনিউজ।

প্রচণ্ড বৃষ্টির  মধ্যেই কবর খনন করা হয়। এই বৃষ্টির মধ্যেই লাশ দাফন করা হবে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার কারণে লাশের আশেপাশে আসছেন না পরিবার আত্মীয় স্বজন। কবরে মাটি দেয়ার জন্যও পরিবারের কেউ আসে নি।

অতি বৃষ্টির কারণে কবরে পানি উঠা বন্ধ হচ্ছে না। তাই জানাজার নামাজ শেষে এই হাঁটু পানিতেই চিরনিদ্রায় শায়িত করা হয়। গত বছর ২০২০ সালে প্রথমে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন স্ত্রী, এবছর করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ৭৫ বয়সী গেলাম মাওলা।

রোববার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টায় চট্রগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গোলাম মাওলা মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ধৌপাশা (শাহবন্দর) গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি কর্মরত ছিলেন চট্রগ্রামের একটি প্রাইভেট কোম্পানিতে।

পারিবারিক সূত্রে জানা যায়, চট্রগ্রামের কোম্পানিতে কর্মরত থাকায় পরিবার নিয়ে চট্রগ্রামে বসবাস করতেন। গত বছর উনার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিকেল ৪টায় চট্রগ্রাম থেকে লাশ তার নিজ বাড়িতে এসে পৌঁছায়। জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে হাটু পানিতেই তাকে চিরনিদ্রায় শায়িত করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি দাফন-কাফন ও সৎকার টিম।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের লাশ দাফন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, এখন একটা কঠিন সময় আমরা পার করছি। এই দুঃসময়ে আমাদের স্বেচ্ছাসেবক দাফন-কাফন ও সৎকার অক্সিজেন সার্ভিস নিয়ে প্রতিনিয়ত দৌড়াচ্ছে। গতকাল আমরা যে দাফনে অংশগ্রহণ করেছি সেই সময় প্রচন্ড বৃষ্টিও ছিল। বৃষ্টিতে ভিজে আমাদের কর্মীরা দাফন করেছে। আমরা চেষ্টা করেছি কবরের পানি তুলে দাফন করতে কিন্তু বৃষ্টির কারণে সাথেসাথে আবার পানি ভরে  উঠে। পানির পরিমাণ কমিয়ে আমরা দাফন করেছি।

তিনি আরও বলেন, মহান আল্লাহ এই মহমারী থেকে আমাদের হেফাজত করবেন। আমাদের পারিবারিক ও সামাজিকভাবে যে বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে মহামারীর কারণে নিজের ছেলে-সন্তান কাছে আসতে চাচ্ছেন না। এক কোদাল মাটি দেয়ার মত মানসিক অবস্থান থাকছে না কারও। এর জন্য আমরা হতাশার মধ্যে আছি।

রাত ৮টায় মৃতের বাড়িতে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির দাফন-কাফন ও সৎকার টিম পৌঁছে। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, দাফন কাফন ও সৎকার টিমের টিম লিডার মোহাম্মদ আশরাফুল খাঁন রুহেল, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমদ, দফতর সচিব সিরাজুল হাসান, টিম মেম্বার সিরাজুল ইসলাম, রেজাউল করীম সাকিব, জুবায়ের আহমদ, জাকির হোসেন, মনসুর আলম দীপু, মাসুম আহমেদ রাফি  প্রমুখ।

আইনিউজ/কেএইচ শাওন/এসএআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়