ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ৪ আগস্ট ২০২১
আপডেট: ২২:৫৭, ৪ আগস্ট ২০২১

মৌলভীবাজারে অক্সিজেন সংকটের কথা শুনেই লক্ষাধিক টাকা পাঠালেন ইংল্যান্ড প্রবাসী

সুহেবুর রহমান, থাকেন ইংল্যান্ডের নর্থাম্পটনে। বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের শমসেরগঞ্জে। ইংল্যান্ডে থাকলেও মনটা পড়ে থাকে বাংলাদেশে। অন্যান্য প্রবাসীদের মতো তাঁকেও দেশের সুখ-দুঃখ ছুঁয়ে যায়।

করোনাকালে লকডাউনে বিপর্যস্ত বাংলাদেশ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারের শত শত মানুষ, করোনায় প্রায় প্রতিদিনই মারা যাচ্ছেন মানুষ। দেশের এমন খবরে উদ্বিগ্ন সুহেবুর রহমান। 

করোনা সংক্রমণের সাথে সাথে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। লাগবে অক্সিজেন সিলিন্ডারসহ আনুষাঙ্গিক চিকিৎসাসামগ্রী। বিষয়টি জানতে পেরেই দুইদিনের মাথায় মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের কাছে পাঠি দিয়েছেন নগদ এক লাখ ১৭ হাজার টাকা। 

বুধবার (৪ আগস্ট) দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ে সুহেবুর রহমানের পক্ষ থেকে এ নগদ টাকা তুলে দেন আইনিউজের সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল এবং সুহেবুর রহমানের ভাতিজা পলাশ রহমান। 

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও মৌলভীবাজারে অন্যতম সমাজচিন্তক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (মৌলভীবাজার) সাবেক সভাপতি ডা. এম এ আহাদ। 

সুহেবুর রহমান আইনিউজকে বলেন, প্রবাসে থাকলেও মনটা পড়ে থাকে দেশে। সাংবাদিক হাসানাত কামালের কাছে মৌলভীবাজারের অক্সিজেন সিলিন্ডার সংকটের কথা জানতে পেরে সাথে সাথেই আমার নিজের কাছ থেকে এক লাখ টাকা ও আরেক বন্ধুর কাছ থেকে ১৭ হাজার টাকা পাঠিয়েছি। একজন মানুষেরও যদি জীবন বাঁচে তাতেই আমাদের মনে হবে দেশের জন্য কিছু করতে পেরেছি। 

সুহেবুর রহমান জানান, কিছুদিন আগেই ইংল্যান্ড ভয়াবহ করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠেছে। তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। তবে বর্তমানে সুস্থ আছেন। সুহেবুর রহমান বলেন, বাংলাদেশও দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে ওঠবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, দেশে আমার প্রিয় স্বজনদের অনুরোধ করবো তারা যেন সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন, মাস্ক ব্যবহার করেন।

এছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলাসহ বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ জানান সৃুহেবুর রহমান।

পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বলেন, সুহেবুর রহমান মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক নেতা। দেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ইংল্যান্ডে যাওয়ার পরও তিনি দেশকে ভুলেননি। তিনি বারবার দেশের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিছুদিন আগেও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ বেড স্থাপনে তিন লাখ টাকা অনুদান দিয়েছেন।

পৌর মেয়র বলেন, প্রবাসের স্বজনরা মৌলভীবাজারবাসীর হৃৎপিন্ড। তাদের পাঠানো রেমিটেন্স এবং আর্থিক সহযোগিতা আমাদের প্রাণের শক্তি। প্রবাসীদের সাথে মৌলভীবাজারবাসীর এই আত্মিক সংযোগ চিরঞ্জীব থাকবে বলে প্রত্যাশা করছি। 

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আইনিউজকে বলেন, ইংল্যান্ড প্রবাসী সুহেবুর রহমানের পাঠানো এই আর্থিক সহযোগিতা করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য যেন পুরোপুরি কাজে লাগে, সে ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। প্রবাসীদের এই উদ্যোগ করোনা প্রতিরোধে আমাদের সংগ্রামকে আরও শক্তি জোগাবে।

মৌলভীবাজার চেম্বার অব কমার্স এবং বিএমএ মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি ডা. এম এ আহাদ আইনিউজকে বলেন, প্রবাসীরা নানা উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের এই দুর্যোগকালীন সময়ে আবারও তারা এগিয়ে এসেছেন। যদিও করোনা পরিস্থিতিতে তাদেরও সংকট তৈরি হয়েছে, তবুও তারা দেশের মানুষের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করছেন। আশা করছি এই ধারা অটুট থাকবে। প্রবাসে থেকে ও যারা অতিমারীর এই দুঃসময়ে দেশের জন্য করছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়