ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২৩:৪০, ৬ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৪১, ৬ আগস্ট ২০২১

মৌলভীবাজার সমিতির উদ্যোগে আরও ১০০টি অক্সিজেনপূর্ণ সিলিন্ডার হস্তান্তর

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার জেলায় অক্সিজেন সংকট নিরসনের লক্ষ্যে আরও ১০০টি অক্সিজেনপূর্ণ সিলিন্ডার দিয়েছে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। একই সাথে ৩০০টি রি-ব্রেথার মাস্ক, ২০টি অক্সিজেন ফ্লো-মিটার হস্তান্তর করে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো হস্তান্তর করেন ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান, মৌলভীবাজার  পৌরসভার মেয়র ফজলুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ প্রমুখ।

পরে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালসহ জেলার অন্য ছয়টি উপজেলায় এ চিকিৎসা উপকরণগুলো বিতরণ করে সিভিল সার্জন কার্যালয়।  

এর আগে শ্রীমঙ্গল উপজেলা ও  মৌলভীবাজার সদর হাসপাতালে ব্যবহারের জন্য ৬১টি অক্সিজেনপূর্ন সিলিন্ডার,অক্সিজেন ফ্লো-মিটার, কিছু Re-Breather মাস্ক প্রদান করা হয়।  

ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদ জানান, আগামী সপ্তাহে ১০ লিটার ক্যাপাসিটি সম্পন্ন বেশকিছু ৯৫% বিশুদ্ধ অক্সিজেন প্রস্তুতকারী কনসেনট্রেটর মেশিন সকল উপজেলার জন্য সিভিল সার্জনের কাছে দেয়া হবে।

এছাড়াও কোভিড চিকিৎসায় 'এইচডিইউ' পর্যায়ের সেবার জন্য ডিসকাউন্ট মূল্যে প্রায় ১৮  লক্ষ্য টাকার ১০ টি বিশেষ ভাবে প্রস্তুতকৃত 'সিপিএপি' মেশিন- 'সিটিইএক্স' কেনার জন্য মৌলভীবাজার জেলা সমিতির বিশেষ উদ্যোগে ইংল্যান্ড প্রবাসী মৌলভীবাজারবাসীদের অর্থায়নে  যুক্তরাজ্যের  'ভার্চুয়াল ওয়ার্ড টেকনোলজিস'  এর নিকট  ক্রয়াদেশ প্রদান করা হয়েছে। যা আগামী ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে সরাসরি পৌঁছাবে। এখানে এই মেশিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রথম মৌলভীবাজার জেলায় ব্যবহৃত হবে।

ডা. সৈয়দ মোশতাক আহমদ বলেন- ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতি সবসময় বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মৌলভীবাজারের জনগণের পাশে থাকার চেষ্টা করে। গত বৎসর করোনা অতিমারীর শুরুতেই প্রাতিষ্ঠানিকভাবে প্রথম মৌলভীবাজার জেলায় কর্মরত ডাক্তারদের জন্য পিপিই প্রদান করা হয়। 

অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে জেলার সিভিল সার্জন ও সর্বজনাব ডা. আব্দুল আহাদ ও পৌর মেয়র ফজলুর রহমানের ডাকে সাড়া দিয়ে জরুরী ভিত্তিতে সদর হাসপাতালের জন্য ২০ টি অক্সিজেনপূর্ন সিলিন্ডার প্রেরণ করে। পরবর্তীতে রোগের অবস্থা প্রবণতা বিবেচনায় নিয়ে মৌলভীবাজার সমিতি, ঢাকা দেশে-বিদেশে স্বচ্ছ প্রক্রিয়ায় তহবিল সংগ্রহ করে জেলার সিভিল সার্জনের মাধ্যমে প্রতিটি উপজেলার কোভিড-১৯, চিকিৎসায় সর্বাত্মক ভাবে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। 

এমতাবস্থায়, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা কর্তৃক  ঢাকা সহ দেশে ও বিদেশে অবস্থানরত দানশীল ব্যক্তিবর্গের সহায়তায়  কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য প্রথম পর্যায়ে সিভিল সার্জন মহোদয়ের নিকট মৌলভীবাজার সদর হাসপাতালে ব্যবহারের জন্য ৬১টি অক্সিজেনপূর্ন সিলিন্ডার,অক্সিজেন ফ্লো-মিটার, কিছু রি ব্রেথার মাস্ক ও বেশ কিছু অক্সিফ্লোমিটার প্রদান করা হয়।

আইনিউজ/এআর/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়