ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৮, ৭ আগস্ট ২০২১
আপডেট: ১৮:২১, ৭ আগস্ট ২০২১

কুলাউড়ায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শাকির আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ার তরুণ ও প্রতিভাবান গণমাধ্যমকর্মী শাকির আহমদের (৩৪) অকাল মৃত্যু হয়েছে। তাঁর এই অকাল মৃত্যুতে জেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। 

শনিবার (৭ আগস্ট) তাঁকে নিজ বাড়ির পারিবারিক গোরস্তানে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে শাকির শুক্রবার (৬ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পারিবারিক ও সহকর্মীদের সূত্রে জানা যায়, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল সিলেটভিউ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক শাকির আহমদ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নিজ কর্মস্থলে হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান সহকর্মীরা।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক শাকিরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাকির উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে তিনি মা, ৪ বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর সোয়া দুইটার দিকে জানাজার নামাজ শেষে বরমচাল মাধবপুর গ্রামে নিজ পারিবারিক গোরস্তানে তাঁকে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। 

জানাজায় উপস্থিত ছিলেন, সিলেটের চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম, প্রধানমন্ত্রীর প্রোটকল অফিসার আবু জাফর, মৌলভীবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম কাওসার দস্তগীর, কুলাউড়া পৌরসভার মেয়র শিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুর হক খান সাহেদসহ এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও শাকিরের দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকবৃন্দসহ এলাকার সর্বস্থরের মানুষ।

তরুণ ও প্রতিভাবান এই সংবাদকর্মীর অকাল মৃত্যুতে শোক বিরাজ করছে গণমাধ্যমকর্মীসহ রাজনৈতিক এবং সামাজিক অঙ্গণে।

উল্লেখ্য, ২০১২ সালে সাংবিদকতা শুরু করেন শাকির আহমদ। স্থানীয় প্রিন্ট ও অনলাইনসহ জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমে সুনামের সাথে কাজ করে গেছেন।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়