ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ৯ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৫৫, ৯ আগস্ট ২০২১

পরিবেশমন্ত্রীর উদ্যোগে বড়লেখা ও জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে বড়লেখা ও  জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসায় ১০টি অক্সিজেন সিলিন্ডার ও সাতটি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে ।

আজ সোমবার (৯ আগস্ট) বিকেলে পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি অক্সিজেন সিলিন্ডার এবং ৫টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস। এ সময় পরিবেশমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।

এর আগে দুপুরে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশমন্ত্রী ৪টি অক্সিজেন সিলিন্ডার, ৬ হাজার ৮০০ লিটারের ২টি অক্সিজেন কনসেনট্রেটর, ৪টি ফ্লো মিটার প্রদান করেন। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ। এ সময় পরিবেশমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান  অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। এছাড়া, সারাদেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ব্যক্তিগত উদ্যোগেও রোগীদের চিকিৎসায় বিভিন্নভাবে সাহায্য করছে।

মন্ত্রী বলেন, সরকার গণটিকা প্রদান শুরু করেছে। পর্যায়ক্রমে সকল নাগরিকেই কোভিড টিকা দেয়া হবে। করোনাভাইরাস মোকাবিলায় দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এধরনের সহায়তা অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়