ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৭, ১০ আগস্ট ২০২১
আপডেট: ১২:১৩, ১০ আগস্ট ২০২১

অবৈধভাবে বালু উত্তোলন, শ্রীমঙ্গলে ইউপি সদস্যের কারাদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বালু জব্দ ও তাৎক্ষণিকভাবে এক জনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল ওয়াহিদ ভূনবীর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

সোমবার (৯ আগস্ট) দুপুর থেকে দিনব্যাপী শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত সাতগাঁও চৌমূহনা, ভুনবীর চৌমূহনা, মির্জাপুর রোড, ভুনবীর গ্রাম ও পরে আলিশারকুলে অবৈধভাবে উত্তোলন করা ২ লাখ ১ হাজার ১২৭ ঘনফুট বালু জব্দ করেন।

এছাড়া ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কারাদণ্ড দেওয়া হয় ভূনবীর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুল ওয়াহিদকে।  তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং দুটি মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নেছার উদ্দিন বলেন, জব্দকৃত বালু বিধিমতে নিলামে বিক্রির জন্য প্রক্রিয়া চলমান। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হবে। সরকারের সম্পদ রক্ষা করা আমাদের কাজ, এ ধরনের অপরাধের সাথে যুক্ত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।  

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, মোবাইল কোর্টের অভিযানে আব্দুল ওয়াহিদকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আটক আসামীকে আইন মোতাবেক রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়