ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২০, ১০ আগস্ট ২০২১
আপডেট: ২৩:২১, ১০ আগস্ট ২০২১

কুলাউড়ায় ভোক্তা অধিকারের অভিযান ও মনিটরিং

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌমোহনা, স্টেশন রোড, দক্ষিণবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, খাবারের দোকান, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবারের (১০ আগস্ট) এই অভিযান জেলা প্রশাসকের নির্দেশনায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত হয়। এসময় সহযোগিতা করে কুলাউড়া থানার পুলিশ সদস্যরা।

উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা, বেশি দামে মাস্ক বিক্রি করা এবং মাস্কের প্যাকেটের দাম মুছে ফেলা, ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ষ্টেশন রোডে অবস্থিত মেসার্স সিকান্দর স্টোরকে ৪ হাজার  টাকা, মেসার্স জলিল স্টোরকে ১ হাজার টাকা, বক্স ফার্মেসিকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুলাউড়া উপজেলার দক্ষিণবাজারে অবস্থিত বনফুল এন্ড কোং-এর বিরুদ্ধে অভিজান চালালে উক্ত প্রতিষ্ঠানের মিষ্টির মধ্যে তেলাপোকা পাওয়া যায়। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ প্রদান করা হয়।

এছাড়াও আরেক জন অভিযোগকারী অভিযোগের প্রেক্ষিতে চৌমোহনাতে অবস্থিত মোবাইল বাজারকে প্রতিশ্রুত সেবা না দেওয়ার অনিয়মে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়।

আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ এবং মানসম্মত স্যানিটাইজার ও সংক্রমণরোধী জীবাণুনাশকের লভ্যতা নিশ্চিতকরণে এরূপ অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইনিউজ/শাফায়াত/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়