ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:১১, ১৩ আগস্ট ২০২১
আপডেট: ১৪:৩১, ১৩ আগস্ট ২০২১

মৌলভীবাজারে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় মশার লার্ভা ধ্বংসকরণ কার্যক্রম জোরদার

মৌলভীবাজারে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় চলমান মশার লার্ভা ধ্বংসকরণ কার্যক্রম আরও জোরদার করেছে মৌলভীবাজার পৌরসভা। ঝোপঝাড়-নালানর্দমা পরিস্কারে আরও গতি বাড়িয়েছেন মেয়র ফজলুর রহমান।

অতিমারী করোনাকালীন এই সময়ে দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ। করোনার পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। সম্প্রতি মৌলভীবাজারে ঢাকা ফেরত এক ব্যক্তির ডেঙ্গু ধরা পড়েছে। এরইমধ্যে মশাবাহিত এই রোগ থেকে রক্ষা পেতে মশার লার্ভা ধ্বংস করা এবং ঝোপঝাড় পরিস্কারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা।

মেয়র ফজলুর রহমান বলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ ব্যাপকহারে দেখা দেওয়ার আগে থেকেই মৌলভীবাজার পৌর এলাকায় চলছে মশা নিধন কার্যক্রম। পাঁচটি টিমে ১০টি মেশিন দিয়ে প্রতিদিন মশার ঔষধ ছিটানো হচ্ছে। চলছে লার্ভা ধ্বংসকরণ কার্যক্রম। এরমধ্যে রয়েছে মশা নিধনে স্প্রে প্রয়োগ, মশার আবাসস্থল ও প্রজননস্থল ধ্বংস করা, ঝোপঝাড়-নালানর্দমা পরিস্কার করা, সতর্কতামূলক প্রচারণা ইত্যাদি।

 

এদিকে গত বুধবার (১১ আগস্ট) শহরের টিবি হাসপাতাল সড়কে বসবাসকারী এক ব্যক্তির শরীরে ডেঙ্গু রোগ ধরা পড়ে। মেয়র বলেন, খবর পেয়ে আমি তাঁর বাসায় যাই। সেখানকার আশেপাশে মশা নিধনের স্প্রে প্রয়োগ করা হয়, ঝোপঝাড় পরিস্কার করা হয়। তবে সেখানে আশেপাশে কোনও মশা জন্ম নিতে পারে বা বংশবিস্তার করতে পারে এমন কোনও স্থান পাওয়া যায়নি।

জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত ঐ মেডিকেল রিপ্রেজেন্টিভ ঢাকা থেকে ঘুরে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি ঢাকাতেই আক্রান্ত হন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকায় ফিরে গেছেন। 

এর আগে শহরের ৮ নং ওয়ার্ডে পশ্চিম ধরকাপন এলাকায় বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হন। তবে তাঁর ঢাকা বা শহরের বাইরের যাওয়ার সাম্প্রতিক রেকর্ড নেই। আবার তাঁর বাড়ি ও আশেপাশে কোথাও এডিস মশরার লার্ভা পাওয়া যায়নি। 

মেয়র মো. ফজলুর রহমান আইনিউজকে বলেন, মৌলভীবাজার শহরে এখনও কোনও এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া যায়নি। তবে মশানিধন কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলামকে ঢাকা সিটি কর্পোরেশনে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মশার লার্ভা চিহ্নিত ও ধ্বংসকরণে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত।

কোথাও মশার লার্ভা দেখলে বা কেউ ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পেলে সাথে সাথে তাঁকে অবহিত করার অনুরোধ জানান মেয়র মো. ফজলুর রহমান। 

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলাম  আইনিউজকে বলেন, মশার লার্ভা থাকতে পারে বা মশা প্রজনন করতে পারে এমন সব জায়গা আমরা চিহ্নিত করে ধ্বংস করে দিচ্ছি। মশার লার্ভা দেখলে বা কেউ ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পেলে শহরের বাসিন্দাদের আমার মোবাইল নম্বরে ০১৮১২-৪৪৮০০৭ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। 

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

জানেন কি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার ভয়াবহতা? কিভাবে এড়াবেন মশাবাহিত এসব রোগ?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়