ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ১৫ আগস্ট ২০২১
আপডেট: ২২:৪২, ১৫ আগস্ট ২০২১

মৌলভীবাজারে পৌঁছেছে সিনোফার্মের আরও ২৭ হাজার ৬০০ ডোজ টিকা

করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচী অব্যাহত রাখতে মৌলভীবাজারে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্মের আরও ২৭ হাজার ৬০০ ডোজ টিকা। ফলে সোমবার (১৬ আগস্ট) থেকে চীনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। 

রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে আসা এসব টিকা গ্রহণ করেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।

টিকা গ্রহণকালে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট অব ড্রাগস সিরাজুম মুনিরা, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. নাশির উদ্দিন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. শাহ আলমসহ জেলা ইপিআই স্টোরের কর্মচারীবৃন্দ।

এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জনের কার্যালয়। সেখানে তারা জানিয়েছে, ১৫ আগস্ট সকাল ১১:৩০ মিনিটে সিভিল সার্জন কার্যালয়ে চীনের সিনোফার্মের তৈরি ১ ডোজের ২৭৬০০ ভায়াল Verocell COVID-19 ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। 

সেখানে আরও বলা হয়েছে, সোমবার (১৬ আগস্ট) থেকে চীনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, মৌলভীবাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সদর বাদে) সমূহের ফিক্সড সেন্টারগুলোতে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ছাড়া) প্রদান করা হবে। 

সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে সুশৃঙ্খলভাবে নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে পোস্টটিতে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ