ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:১৯, ১৮ আগস্ট ২০২১
আপডেট: ১৩:৩৫, ১৮ আগস্ট ২০২১

বিশুদ্ধ রাজনীতিবিদ আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। মৌলভীবাজারবাসী ২০২০ সালের আজকের দিনে হারিয়েছিলো তাঁকে। তাঁর মৃত্যুর এক বছর পেরিয়ে প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 

আজিজুর রহমান ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।

আজ বুধবার (১৮ আগস্ট) তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৮ আগস্ট ভোররাতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই স্থিতধী পুরুষ, আপাদমস্তক রাজনীতিবিদ আজিজুর রহমান।

আজিজুর রহমান ১৯৪৩ সালের ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুল ছাত্তার এবং মায়ের নাম মাহমুদা বেগম (কাঞ্চন বিবি)। তিনি শহরের শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, মৌলভীবাজার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে বি.কম. ডিগ্রি অর্জন করেন। 

পরিচ্ছন্ন, কর্মীবান্ধব এই রাজনীতিবিদ ২০১১ সালের ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মনোনীত হোন। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন। 

ছাত্রজীবন থেকে মানুষের অধিকার আদায়ের যে আন্দোলনে যুক্ত হয়েছিলেন তার ধারাবাহিকতায় স্বাধীকার, স্বাধীনতার আন্দোলন, সামরিক, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ যোদ্ধা।

১৯৭১ সালের ২৬ মার্চ পাকবাহিনী তাঁকে গ্রেফতার করে এবং তাঁর ওপর চালায় নির্মম নির্যাতন। মুক্তিযোদ্ধারা সিলেট কারাগার থেকে জেল ভেঙে তাঁকে বের করে নিয়ে আসেন। 

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজার জেলা পরিষদ এবং পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশসহ নানাভাবে মৌলভীবাজারবাসী তাঁকে স্মরণ করছে। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়