Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ১ আগস্ট ২০২৩

নগরীর ৭ জায়গায় মিললো এডিস মশার লার্ভা, জরিমানা আদায়

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগী, বাড়ছে আতঙ্ক। এ অবস্থায় মহানগরের কোথাও পানি জমিয়ে না রাখতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ বার বার সতর্ক করলেও অনেকের মাঝে অসচেতনতা কাজ করছে।

মঙ্গলবার (১ আগস্ট) সিলেটে অভিযান চালিয়ে মহানগরের ৭ জায়গায় ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে সিসিক। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়ি। পরে এসবের মালিককে জরিমানা করেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। 

তিনি জানান, সিসিকের টিম মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এডিস মশার লার্ভা অনুসন্ধান শুরু করে। অভিযান চলাকালে দুপুরেরর দিকে মহানগরের মদিনা মার্কেট, কালিবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়িতে লার্ভা পাওয়া যায়। পরে লার্ভাগুলো ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিকদের মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার করে ৩০ হাজার, নির্মাণাধীন ভবনে ৫ হাজার ও ৩টি বাসাবাড়িতে ৩ হাজার টাকা করে ৯ হাজার- এই মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট মহানগরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান ডা. মো. জাহিদুল ইসলাম।

এর আগে ২৩ জুলাই বিকেলে সিটি করপোরেশনের হলরুমে সংবাদ সম্মেলন করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় বাসাবাড়ি-দোকানপাট, আঙিনা কিংবা কারো স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক তাদের জরিমানা করা হবে। এ লক্ষ্যে সিসিকের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মাঠে কাজ করবেন।

তিনি আরও বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ও আক্রান্ত হয়ে মৃত্যুর হার বাড়ছে। এ অবস্থায় ডেঙ্গুবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগরের ৪২ ওয়ার্ডে নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। এডিস মশার লার্ভা অনুসন্ধানে সিসিক মাঠে রয়েছে। বেসরকারি সেবা সংস্থার সহায়তায় লার্ভা অনুসন্ধান পরিচালিত হচ্ছে। যেসব বাসাবাড়ি, ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হচ্ছে এবং মহানগরজুড়ে মশক নিধনে সিসিকের পক্ষ থেকে নিয়মিতভাবে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগে মাঠে টিম কাজ করছে।

এছাড়া যেসব বাসা-বাড়ি, দোকান, ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেসব স্থাপনার মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/ইউএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়