Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২২

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত দুই সপ্তাহ পর

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আরও দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব শিক্ষার্থী দুই ডোজ টিকা পেয়েছে, তারা সশরীরে ক্লাসে যেতে পারবে। তবে যারা এখনও দুই ডোজ টিকা পায়নি, তারা অনলাইনে ক্লাস করবে।’

আরও পড়ুন- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যত কর্মসূচি

দীপু মনি বলেন, ‘১২ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক পর্যায়ের মোট শিক্ষার্থী প্রায় এক কোটি ২৮ লাখ। তাদের মধ্যে ২৬ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৩৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘করোনার কারণে যেহেতু এক মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, তাই যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু করা হবে। আগের চেয়ে ক্লাস সংখ্যা বাড়ানো হবে। দ্রুত সময়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে পাঠদান পরিচালনা করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বর্তমানে ১২ বছরের নিচে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কাজ করছে। তারা অনুমোদন দিলে, আমরাও শিশুদের টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করবো।’

আরও পড়ুন- অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে বাপ্পী লাহিড়ীর মৃত্যু, জানুন লক্ষণ

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব (চলতি দায়িত্ব) তারিকুল ইসলাম প্রমুখ।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়