আই নিউজ ডেস্ক
চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: আই নিউজ
ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক পানির পাম্প চুরির অপবাদে শংকর চন্দ্র মন্ডল (২৮) নামে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৬ আগস্ট) রাতে র্যাব-৪ ও র্যাব-১৫-এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, নিহত শংকর চন্দ্র মন্ডল ধামরাই উপজেলার পশ্চিম কায়েতপাড়া এলাকার বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অন্যদিকে গ্রেপ্তার ওয়াজেদ হাজী দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি রাইস মিল ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিছুদিন আগে তার ভাড়া নেওয়া রাইস মিল থেকে একটি বৈদ্যুতিক পানির পাম্প চুরি হয়। এ ঘটনায় শংকরকে সন্দেহ করেন ওয়াজেদ।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ৮ আগস্ট রাতে শংকরকে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মাধ্যমে রাইস মিলসংলগ্ন ওয়াজেদের ব্যবসায়িক কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে বিভিন্ন অজুহাতে শংকরকে আটকে রেখে তার বাবাকে চলে যেতে বলা হয়। একই সঙ্গে তার সঙ্গে যাওয়া দুই প্রতিবেশীকেও চা খাওয়ানোর কথা বলে বাইরে পাঠিয়ে দেন ওয়াজেদ। পরে সহযোগীদের নিয়ে শংকরকে অফিসের ভেতরে আটকে রেখে বৈদ্যুতিক পানির পাম্প চুরির অপবাদে তার হাত-পা রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধর করা হয় বলে জানায় র্যাব।
মারধরের একপর্যায়ে শংকর গুরুতর আহত ও রক্তাক্ত হলে তার দুই প্রতিবেশীকে ডেকে এনে তাদের মাধ্যমে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ওই রাতেই তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয়ভাবে তার চিকিৎসা চলতে থাকে।
পরদিন ৯ আগস্ট ভোরে শংকরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে আর্থিক সংকটের কারণে পরিবার তাকে ঢাকায় নিতে না পেরে বাড়িতে ফিরিয়ে নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা চালিয়ে যায়।
অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট ভোরে নিজ বাড়িতে শংকর চন্দ্র মন্ডলের মৃত্যু হয়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হয়।
র্যাব জানায়, মামলা হওয়ার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় প্রধান আসামি ওয়াজেদ হাজীর অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-৪ ও র্যাব-১৫-এর যৌথ দল কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওয়াজেদ হাজীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ইএন /এসএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024























