সাতক্ষীরা প্রতিনিধি
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি, নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী
প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন
ভারতের উড়িষ্যার বঙ্গোপসাগর উপকূলে পণ্যবাহী জাহাজডুবির ঘটনায় নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুনের (৩৫) অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। তবে সমুদ্রের এই ট্র্যাজেডির গভীরতা এখনো বুঝতে পারেনি তার দুই শিশুসন্তান। পাঁচ বছরের মারিফুল জান্নাত ও তিন বছরের মোয়াজ আব্দুল্লাহ এখনো বিশ্বাস করে, কাজের ফাঁকে বাবা হয়তো ভিডিও কল দেবেন। মোবাইল বেজে উঠলেই বাবার ফোনের আশায় ছুটে যায় তারা।
সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার ডা. আব্দুর রহিমের ছেলে আব্দুল্যাহ আল মামুন পানামার পতাকাবাহী ‘এমভি ওশান উইনার’ জাহাজে মেরিন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ভারতের উড়িষ্যা উপকূলের বঙ্গোপসাগরে যান্ত্রিক ত্রুটির পর জাহাজটি ডুবে গেলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার স্ত্রী’র সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন মামুন। শনিবার দুপুরে অন্য সূত্রে জাহাজডুবির খবর জানতে পারে পরিবার। এরপর থেকেই মামুনের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। সবার চোখেমুখে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা।
মামুনের দুই শিশু সন্তান অবশ্য এখনো বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারেনি। তারা মনে করছে, সমুদ্রে কাজের ব্যস্ততায় বাবা ফোন দিতে পারছেন না। মোবাইল বাজলেই বাবার ফোন এসেছে ভেবে ছুটে যায় তারা। মাঝে মাঝে পাঁচ বছরের মারিফুল জান্নাত মাকে প্রশ্ন করে, “মা, বাবা ফোন দিচ্ছে না কেন?” সন্তানের এমন প্রশ্নে নির্বাক হয়ে পড়ছেন মা।
নিখোঁজ মামুনের বাবা ডা. আব্দুর রহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে সমুদ্রে থাকলেও ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকত। জাহাজটি ডুবে যাওয়ার এত সময় পার হলেও ছেলে বেঁচে আছে কি না, সেই খবরটুকুও পাচ্ছি না। সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত যেন আমার ছেলেকে উদ্ধারের ব্যবস্থা করা হয়।”
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ. কাউসার আজিজ জানান, ঘটনাটি জানার পরপরই নিখোঁজ প্রকৌশলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের উদ্ধারকারী দল ও কূটনৈতিক পর্যায়ে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে মামুনের অবস্থান ও সর্বশেষ তথ্য পরিবারকে জানানোর সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল্যাহ আল মামুনের ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে এটিই ছিল প্রথম কন্ট্রাক্ট। পানামার পতাকাবাহী চীনা মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার জাহাজটি প্রায় ১ হাজার ৭০০ টন লোহার আকরিক বহন করছিল। একপর্যায়ে কার্গোর ভারসাম্যহীনতার কারণে জাহাজটি একদিকে কাত হতে শুরু করে। পরে মাত্র আট মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায় বলে জানা গেছে।
ঘটনার সময় নাবিকরা লাইফবোট নামাতে পারেননি এবং লাইফ জ্যাকেটও নেওয়ার সুযোগ পাননি বলে জানা গেছে। প্রায় ২৮ বছরের পুরোনো জাহাজটিতে ২৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের (বার্মিজ) এবং একজন বাংলাদেশি, যিনি সাতক্ষীরা শহরের বাসিন্দা আব্দুল্যাহ আল মামুন।
শনিবার বিভিন্ন গণমাধ্যমের খবরে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্ধার অভিযানে দুই চীনা ক্রুকে জীবিত উদ্ধারের কথা জানানো হয়। তবে বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন। সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের পরিবারে ততই বাড়ছে উৎকণ্ঠা ও হতাশা। আর সাতক্ষীরার মামুনের পরিবার তাকিয়ে আছে একটি আশাব্যঞ্জক খবরের দিকে।
ইএন/এসএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024






















