সিংড়া প্রতিনিধি
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
ছবি: আই নিউজ
নতুনত্ব ও ব্যতিক্রমী কিছু করার দৃঢ় প্রত্যয় নিয়ে নাটোরের সিংড়া উপজেলার শিববাড়ি বাজারে যাত্রা শুরু করেছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাবসাইন ফ্যাশন’। তিন বন্ধুর যৌথ উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি মফস্বল এলাকায় গার্মেন্টস শিল্পের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। মানসম্মত পোশাক তৈরি ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও অনলাইন বিপণনকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
‘অ্যাবসাইন ফ্যাশন’-এর পেছনে রয়েছেন অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নে এগিয়ে আসা তিন তরুণ। তারা হলেন বাবু মন্ডল (৩৬), সোহাগ আলী সরদার (২৪) ও আব্দুল্লাহ আল আরিফ (৩১)।
কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাবু মন্ডল এইচএসসি ও ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এর আগে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার পয়েন্টে কাজ করেছেন। ভাগনাগরকান্দী গ্রামের আকরাম হোসেনের ছেলে সোহাগ আলী সরদার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। আর আত্রাই উপজেলার নন্দীগ্রামের বাসিন্দা মুনসুর আলী সরদারের ছেলে আব্দুল্লাহ আল আরিফের রয়েছে গার্মেন্টস খাতে দীর্ঘ ১৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
সম্পর্কের দিক থেকেও তিন উদ্যোক্তার মধ্যে রয়েছে পারিবারিক বন্ধন। বাবু মন্ডল ও সোহাগ আলী মামাতো-ফুফাতো ভাই। অন্যদিকে আব্দুল্লাহ আল আরিফ হলেন বাবু মন্ডলের ভগ্নিপতি। পারিবারিক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনজনের যৌথ চিন্তাভাবনা থেকেই জন্ম নেয় ‘অ্যাবসাইন ফ্যাশন’।
নাটোরের সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে একই বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্তমানে আটটি আধুনিক সেলাই মেশিন নিয়ে চলছে উৎপাদন কার্যক্রম।
প্রতিষ্ঠানটিতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পোশাক তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, সুইটশার্ট, জার্সি, ট্রাউজার ও হুডি। গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিজাইন ও মানের পোশাক তৈরির পাশাপাশি বিশেষ অর্ডারও নেওয়া হচ্ছে।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটির অনলাইন ডিজাইন ও মার্কেটিংয়ের সার্বিক দায়িত্ব পালন করছেন সোহাগ আলী। আর উৎপাদন কার্যক্রম ও কারখানার কাজের তদারকিতে রয়েছেন বাবু মন্ডল ও আব্দুল্লাহ আল আরিফ। ফলে কারিগরি দক্ষতার সঙ্গে আধুনিক ডিজাইন ও বিপণন ব্যবস্থার সমন্বয় ঘটছে প্রতিষ্ঠানটির কার্যক্রমে।
উদ্যোক্তা বাবু মন্ডল জানান, কাজের চাপ বাড়লে নিয়মিত তিন থেকে চারজন স্থানীয় কর্মী তাদের সঙ্গে যুক্ত হন। এতে একদিকে উৎপাদন কার্যক্রম বাড়ছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সি ও টি-শার্ট তৈরি করেও তারা ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছেন।
স্থানীয় বাসিন্দা মো. সামাউন আলীসহ অনেকেই জানান, মফস্বল এলাকায় এমন একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান গড়ে ওঠায় তারা খুশি। তাদের মতে, স্থানীয় উদ্যোক্তাদের এমন উদ্যোগ এলাকায় কর্মসংস্থান তৈরির পাশাপাশি তরুণদের নিজেদের উদ্যোগে কিছু করার অনুপ্রেরণা জোগাবে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও বিপণন ব্যবস্থার সমন্বয়ে ‘অ্যাবসাইন ফ্যাশন’ একদিন মফস্বলের গণ্ডি পেরিয়ে বৃহত্তর বাজারে নিজেদের অবস্থান তৈরি করবে। মানসম্মত পোশাক, নতুন ডিজাইন ও গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি বিশ্বস্ত স্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই তাদের মূল লক্ষ্য।
মফস্বলের একটি বাজার থেকে আটটি সেলাই মেশিনের ছোট্ট কারখানা দিয়ে শুরু হওয়া ‘অ্যাবসাইন ফ্যাশন’ তাই শুধু তিন বন্ধুর ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং স্বপ্ন, সাহস ও পরিশ্রমের সমন্বয়ে গড়ে ওঠা সম্ভাবনার একটি গল্প। সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা পেলে এমন উদ্যোগই ভবিষ্যতে মফস্বল এলাকায় ক্ষুদ্র গার্মেন্টস শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইএন/এসএ
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- ঢাকার মাঠ মাতানো বিদেশি ফুটবলাররা
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট





















