ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ২১ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাইয়ের রক্তাক্ত বিপ্লবের পর একটি কল্যাণকর, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছে। জনগণ জামায়াতকে সরকার পরিচালনার দায়িত্বে দেখতে চায়। আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য দায়িত্বশীলদের জ্ঞান, মেধা ও প্রজ্ঞায় আরও সমৃদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা হলে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার ৬৭টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

নতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হতে হবে: মাওলানা আব্দুল হালিম

জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ‘আদর্শ সংগঠকের ভূমিকা’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম। পবিত্র কোরআনের সূরা আল-মুমিনুন থেকে দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শেখ আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম আরও বলেন, গত ১৭ বছর জেল-জুলুম, নির্যাতন ও জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েও ইসলামী আন্দোলনের গতিপথ স্তব্ধ করা যায়নি। হাজারো শহীদের রক্তে গড়ে ওঠা এ সংগঠন দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে। শহীদ নেতৃবৃন্দের সন্তানদের জনগণ সংসদে পাঠিয়ে তাদের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগের জবাব দিয়েছে।

তিনি বলেন, নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ফাঁসি কার্যকরের পর অনেকেই মিষ্টি বিতরণ করেছিলেন। আজ তারা নিজেদের ভুলের জন্য লজ্জিত হচ্ছেন। অতীতের জুলুমবাজদের মতো বর্তমান সরকারও যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দেয়, তাহলে আগামীতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে শুধু দুর্নীতি বন্ধ করতে পারলে ছয় মাসের মধ্যেই দেশ অনেক দূর এগিয়ে যাবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণ দুর্নীতির বিরুদ্ধে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থীদের সমর্থন দেবে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মানুষ প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদের বেশি সময় দিতে হবে। জীবনের সব ক্ষেত্রে নিজেদের আদর্শের মডেল হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালাতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিটি পদে জামায়াতের প্রার্থী দিতে হবে। সেপ্টেম্বর মাসে দেশব্যাপী অনুষ্ঠিতব্য দাওয়াতি অভিযানে যথাযথ গুরুত্ব দিয়ে মাঠে-ময়দানে কাজ করতে হবে।ইসলামের সুমহান আদর্শের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ ও আব্দুল কুদ্দুস নোমানসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়