ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৭, ২১ আগস্ট ২০২৬

মরা মুরগি বিক্রির প্রতিবাদ, সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ অভিযোগ করায় নারী সাংবাদিক রুমানা আক্তার শিপার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সামাজিকভাবে হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ১৩ আগস্ট শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার ‘ফ্যামেলী বাজার’ (পরিচালনায় বিসমিল্লাহ পোল্ট্রি হাউজ)-এ মরা মুরগি বিক্রির অভিযোগে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও ভিডিওসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন সাংবাদিক রুমানা আক্তার শিপা। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ ঘটনার জেরে গত ১৫ আগস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো. মাসুমুর রশিদ (মাসুম)। সেখানে তিনি মরা মুরগি বিক্রির বিষয়টি স্বীকার করলেও এর দায় কর্মচারীদের ওপর চাপান। একই সঙ্গে সাংবাদিক রুমানা আক্তার শিপা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও শত্রুতাবশত ওই অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে কয়েকটি সংবাদমাধ্যমে রুমানা আক্তার শিপার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে একজন নারী সাংবাদিকের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলেও দাবি করা হয়।

প্রতিবাদ সভায় রুমানা আক্তার শিপা বলেন, “আমি সমাজের সচেতন নাগরিক ও একজন সংবাদকর্মী হিসেবে মানুষের অধিকার এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শুধু সত্য তথ্য তুলে ধরেছি। অথচ দুঃখজনকভাবে আমার সত্য প্রকাশের বিপরীতে একশ্রেণির সংবাদকর্মী ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের বিন্দুমাত্র সত্যতা যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আমি ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দেব। সত্য কখনো চাপা থাকে না। আমি চাই, সাংবাদিক ভাইয়েরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করুন এবং সত্যের পক্ষে কলম ধরুন।”

প্রতিবাদ সভায় উপস্থিত থেকে রুমানা আক্তার শিপার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, আরটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলু, দৈনিক আমার সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. জিতু তালুকদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে রুমানা আক্তার শিপার পাশে থাকার আশ্বাস দিয়ে সাংবাদিকতার নীতি ও পেশাগত দায়িত্ব পালনে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়