ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২৩ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে আমদানিকৃত পণ্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে গত ২২ আগস্ট বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানকালে রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা পণ্যের সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়