ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ৮ মে ২০২৬

প্রিমিয়ারের অপেক্ষায় থাকা সিরিজ ‘অ্যানিতে’ যারা অভিনয় করেছেন

ফারহানা মিঠু, ইয়াশ রোহান, নাজিফা তুষি, সারিকা সাবরিন ও সাইমন সাদিক।

ফারহানা মিঠু, ইয়াশ রোহান, নাজিফা তুষি, সারিকা সাবরিন ও সাইমন সাদিক।

বাংলাদেশের আলোচিত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পাঁচ বছর পর নতুন কাজ নিয়ে ফিরছেন দর্শকের সামনে। তবে এবার সিনেমা নয়, সিরিজ নির্মাণ করেছেন তিনি। নতুন এই সিরিজের নাম ‘অ্যানি’। ইতোমধ্যে জার্মানির আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে সিরিজটি।

এর আগে ২০২১ সালে সাদের নির্মিত রেহানা মরিয়ম নূর ফ্রান্সের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব–এর ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল। সেটিই ছিল কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র।

নতুন সিরিজ ‘অ্যানি’ ঘোষণার পর থেকেই এর অভিনয়শিল্পীদের নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়। প্রযোজক এহসানুল হক বাবু সিরিজটির কাস্ট প্রকাশ করলে জানা যায়, এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া আরও রয়েছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু ও নাজাহসহ অনেকে।

ডিস্টোপিয়ান ঘরানার গল্পে নির্মিত ‘অ্যানি’ সিরিজে নাজিফা তুষিকে দেখা যাবে অ্যানি চরিত্রে। গল্পে তিনি একজন ২৭ বছর বয়সী নার্স, যিনি একা হাতে পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যান। এমন সময় বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অসুখ, যেখানে আক্রান্ত পুরুষরা নারীদের প্রতি নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে।

গল্পের এক পর্যায়ে গভীর রাতে মুখোশধারী হামলাকারীর নৃশংস আক্রমণের শিকার হন অ্যানি। সেই সহিংসতা তাঁর জীবন বদলে দেয় চিরতরে। নিজের ভেতর ও চারপাশের ঘৃণার বিরুদ্ধে লড়তে লড়তে তিনি পৌঁছে যান এক ভয়াবহ অন্ধকারে, যেখানে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পান না।

সিরিজটি নিয়ে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ বলেন, ‘অ্যানির মতো জটিল একটি চরিত্রের চোখ দিয়ে দেখা এই গল্প মূলত একটি চেম্বার ড্রামা। আমার অন্য কাজগুলোর মতো এখানেও নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অবিশ্বাস, অসমতা ও সহিংসতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।’

জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল মূলত সিরিজভিত্তিক একটি আন্তর্জাতিক উৎসব। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত প্রায় ২০টি সিরিজ সেখানে বড় পর্দায় প্রদর্শিত হয়। এবারের আয়োজনে জায়গা করে নিয়েছে ‘অ্যানি’।

উল্লেখ্য, ২০১৬ সালে লাইভ ফ্রম ঢাকা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাদ। ছবিটি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এ সেরা পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার অর্জন করে।এছাড়া নেদারল্যান্ডসের রটারডাম চলচ্চিত্র উৎসব ও সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব–সহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ