ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১১, ৮ নভেম্বর ২০২১

ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজ কমলগঞ্জের সিতাংশ দত্ত, স্ত্রীর জিডি

নিখোঁজ সিতাংশ দত্ত

নিখোঁজ সিতাংশ দত্ত

ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার সিতাংশ দত্ত (৪৫)। গত মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তিনি অসুস্থ্ সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি।

বিভিন্ন স্থানে, র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প, সিলেট ক্যাম্প, কারাগার ও থানায় খোঁজ করেও স্বামীকে না পেয়ে রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তার স্ত্রী মনিবালা দত্ত (৪২)।

স্থানীয় লোকজনের নানামুখী খবরে আতঙ্কিত হয়ে স্বামীর সন্ধানে দুইটি শিশু সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী মনিবালা দত্ত। সোমবার (৮ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ থানায় করা একটি জিডির কপি ও স্বামীর ছবি নিয়ে এসে বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার শিশু সন্তানের জন্য ফার্মেসী থেকে ওষুধ কিনতে তার স্বামী সিতাংশ লাল দত্ত চৈত্রঘাট বাজারে গিয়েছিলেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

মনিবালা দত্ত জানান, এলাকার লোকজন অনেকেই তাকে বলেছেন রোববার চৈত্রঘাটে ব্যবসায়ী নেতা নাজমুল হত্যাকান্ডের পর র‌্যাব সদস্যরা রাতে এখানে টহল দিচ্ছিল। রাতে সিতাংশকে পেয়ে র‌্যাবের গাড়িতে তুলে নিয়ে গেছে। এ খবরে তিনি শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ ক্যাম্পে গিয়ে খোঁজ করলে র‌্যাব সদস্যরা জানিয়েছেন এ নামে কোন ব্যক্তি তাদর হেফাজতে নেই বা এ নামের কাউকে র‌্যাব আটক করেনি।

তিনি (মনিবালা দত্ত) মৌলভীবাজার জেলা কারাগার ও কমলগঞ্জ থানায় খোঁজ নিয়েও স্বাামীর কোন সন্ধান পাননি। তিনি আরও বলেন, এলাকাবাসীর নানামুখী কথায় তিনি আতংকিত যে, ব্যবসায়ী নাজমুল হত্যায় তাকে আবার কোন সংস্থা ধরে নিয়ে গেল কিনা এ ভেবে। স্বামীর মুঠোফোনে (০১৭৪০৩০৮৫৯১) ফোন দিলে রিং হলেও কেউ ফোন ধরছে না। তিনি একজন অতি সাধারণ দরিদ্র মানুষ। স্থানীয় ঝামেলায় তিনি কখনও জড়িত ছিলেন না। তাই বাধ্য হয়ে রোববার কমলগঞ্জ থানায় স্বামী নিখোঁজের জিডি করেছেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা কমলগঞ্জ থানায় সিতাংশ লাল দত্তের নিখোঁজের জিডি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দেখছে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দত্ত/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়