ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ৭ আগস্ট ২০২১
আপডেট: ২১:২৭, ৭ আগস্ট ২০২১

রবি-সোমবার মৌলভীবাজারে দেওয়া হবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

কোভিশিল্ড টিকা

কোভিশিল্ড টিকা

করোনাভাইরাস প্রতিরোধে আগামীকাল রবিবার (৮ আগস্ট) ও সোমবার (৯ আগস্ট) মৌলভীবাজার জেলায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ দেওয়া হবে। 

জেলার নির্ধারিত সাত কেন্দ্রে গেলে টিকা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে যারা প্রথম ডোজ গ্রহণ করেছিলেন কেবলমাত্র তারাই দ্বিতীয় ডোজ টিকা পাবেন। শুক্রবার (৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মৌলভীবাজার জেলায় কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৬৭ হাজার ৫৬৭ জন। অপরদিকে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ হাজার ৮১২ জন। অর্থাৎ ১২ হাজার ৭৫৫ জন এখনো দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন। 

সিভিল সার্জন কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার জেলার ২৫০ শয্যা হাসপাতাল এবং সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ০৮-০৯ আগস্ট তারিখে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। এই ৭টি কেন্দ্র ব্যতীত অন্য কোথাও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয়  ডোজ প্রদান করা হবে না। এই দুইদিন সিনোফার্মের টিকাপ্রদান বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিকা নিতে অবশ্যই পূর্বের টিকা কার্ড (১ম ডোজের তথ্য সম্বলিত) অথবা টিকা কার্ড হারিয়ে গেলে সুরক্ষা থেকে ডাউনলোড করে (১ম ডোজ উল্লিখিত) প্রিন্ট কপি নিয়ে আসতে হবে। সাথে অবশ্যই জাতীয় পরিচয় পত্র রাখতে হবে।  মোবাইল ফোনে পূর্বের ম্যাসেজ সংরক্ষিত থাকলে প্রয়োজনে সেটা প্রদর্শন করতে হবে। 

নির্বিঘ্নে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে নির্দিষ্ট দিনেই টিকা নিতে আহ্বান জানানো হয়েছে। এর ফলে পরবর্তীতে নানা প্রকার জটিলতা এড়ানো সম্ভব হবে।

দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য কোনো প্রকার ম্যাসেজ দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের বিজ্ঞপ্তিতে। 

উল্লেখ্য, যাঁরা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাঁরা দ্বিতীয় ডোজে কোনোভাবেই অন্য কোনো কোম্পানির টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেননা এতে ক্ষতি হতে পারে।

টিকার দ্বিতীয় ডোজ দিতে কতদিন পর্যন্ত দেরি করা সম্ভব? 

করোনার যতগুলো ভ্যাকসিন এখনও পর্যন্ত বেরিয়েছে, তার প্রায় সবই দুই ডোজের ভ্যাকসিন। প্রথম ডোজটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে এবং দ্বিতীয় ডোজ তা আরও শক্তিশালী করে এবং মেমোরি-বি কোষ তৈরি করে। এই মেমোরি-বি কোষ শরীরে অ্যান্টিবডি তৈরির কথা মনে রাখে। 

আমাদের দেশে প্রথমে বলা হয়েছিল এক মাসের ব্যবধানে নিতে হবে দ্বিতীয় ডোজ টিকা। পরে আট সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ টিকার ব্যবস্থা হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৌমিয়া সোয়ামিনাথান বলেছেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১২ সপ্তাহ (তিনমাস) পর্যন্ত সময়সীমা বৃদ্ধির উদাহরণ রয়েছে। এর ফলে আরও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় বলে বলা হচ্ছে।' 

তিনি আরও বলেন, এ ধরনের টিকার ক্ষেত্রে দুইটি ডোজ নেয়া গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি কয়েকদিন বা কয়েক সপ্তাহ দেরিও হয়, তারপরেও দ্বিতীয় ডোজ নেয়া দরকার। কারণ প্রথম ডোজে আসলে নতুন অ্যান্টিজেন শরীরের ভেতর প্রবেশ করে, দ্বিতীয় ডোজের মাধ্যমে সেটার ক্ষমতা বাড়িয়ে দেয়া হয়।

বিশ্বের অনেক দেশেই প্রথম টিকা নেয়ার পরবর্তী ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেয়ার কথা বলা হচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন বলেছেন, 'অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম ডোজের পর ১২ সপ্তাহ, এমনকি তার পরেও দ্বিতীয় ডোজ নেয়া যেতে পারে। ফলে দ্বিতীয় ডোজ নিয়ে ভয়ের কোন কারণ নেই।' 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়