ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৫৫, ৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:৩০, ৬ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে ডেঙ্গু সনাক্ত ৪২

জেলা সদর হাসপাতালের ডেঙ্গু কর্ণারে ভর্তি কয়েকজন রোগী। ছবি- এমএ মোস্তফা

জেলা সদর হাসপাতালের ডেঙ্গু কর্ণারে ভর্তি কয়েকজন রোগী। ছবি- এমএ মোস্তফা

মৌলভীবাজার জেলায় ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। এরিমধ্যে জেলার ৪টি উপজেলা মিলিয়ে মোট ৪২ জন ডেঙ্গু সংক্রমণ সনাক্ত হয়েছেন। যার মধ্যে ৩৪ জনই এরিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৮ জন এখনো চিকিৎসা নিচ্ছেন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

মৌলভীবাজার জেলায় এবছর জুন মাসে প্রথম ডেঙ্গু সংক্রমিত রোগী শনাক্ত করা হয়। এরপর গেল জুলাই মাস থেকে  বিভিন্ন জেলা-উপজেলায় ক্রমেই বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেই সঙ্গে চাপ বেড়েছে সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। 

জেলায় ডেঙ্গু সনাক্ত প্রায় সকল রোগীই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। কেউ কেউ শুরুর দিকে ঢাকাতে চিকিৎসা নিলেও বর্তমানে চিকিৎসা নিচ্ছেন মৌলভীবাজারে। এরমধ্যে মাত্র একজন রোগী স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ড. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ আই নিউজকে বলেন, মৌলভীবাজারে এখনো ডেঙ্গু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪২ জন ডেঙ্গু সনাক্ত হয়েছেন। যার মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে গেছেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জন এখনো চিকিৎসাধীন আছেন। 

মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক আই নিউজকে বলেন, আমাদের হাসপাতালে এখন পর্যন্ত ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ১৫ জন এরিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো চিকিৎসাধীন আছেন আরও ৬ জন। 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনাই গুরুত্বপূর্ণ হাতিয়ার বলেও জানান সিভিল সার্জন ড. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ। 

এদিকে ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মৌলভীবাজারের জেলা প্রশাসন ও স্থানী প্রশাসন। মৌলভীবাজার সদরের বিভিন্ন ঘিঞ্জি এলাকায় মেয়র, কাউন্সিলরদের নেতৃত্বে অভিযান চালাচ্ছে মৌলভীবাজার পৌরসভা। ঝুকিপূর্ণ এলাকাগুলোতে ফগার মেশিনের মাধ্যমে ছিটানো হচ্ছে এডিস মশার ওষুধ। মাঠ পর্যায়ে সাধারণ মানুষদেরকে সচেতন করা হচ্ছে ডেঙ্গু বিষয়ে। 

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, মৌলভীবাজারে এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নি। তবুও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সামাজিক সচেতনতা গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। বাসা-বাড়ি, আঙিনায় কোনোভাবেই যেন পানি জমা হতে না পারে সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে; চারপাশ আগাছামুক্ত রাখতে হবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়