ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

জান্নাতুল ফেরদৌস ডলি, লন্ডন

প্রকাশিত: ১৬:২০, ১২ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমে শাহ মনসুর আলী নোমানের সৃজনশীলতার স্বীকৃতি

শাহ মনসুর আলী নোমান

শাহ মনসুর আলী নোমান

আন্তর্জাতিক গণমাধ্যমে আবারও স্বীকৃতি পেলেন কলামিস্ট, শিক্ষা প্রশাসক ও গবেষক শাহ মনসুর আলী নোমান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য রিপাবলিক’ (The Republic)-এর ৮ আগস্ট ২০২৬-এর মুদ্রণ সংস্করণে প্রকাশিত হয়েছে তাঁর একটি আলোকচিত্র। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার থেকে ধারণ করা প্রকৃতিনির্ভর ছবিটি পত্রিকাটির নির্বাচিত আলোকচিত্র হিসেবে স্থান পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে প্রকাশিত ‘দ্য রিপাবলিক’ ১৮৭২ সাল থেকে পাঠকদের কাছে সংবাদ পরিবেশন করে আসছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ প্রকাশের পাশাপাশি পত্রিকাটিতে ‘Take Your Best Shot’ নামে একটি বিভাগ রয়েছে, যেখানে নির্বাচিত আলোকচিত্র প্রকাশ করা হয়। এই বিভাগেই শাহ মনসুর আলী নোমানের আলোকচিত্রটি প্রকাশিত হয়েছে।

ছাত্রজীবন থেকেই লেখালেখি ও আলোকচিত্রের প্রতি বিশেষ আগ্রহ তাঁকে সৃজনশীলতার এই দুই ধারায় সক্রিয় রেখেছে। তাঁর কলাম, প্রতিবেদন ও আলোকচিত্র বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ও প্রভাবশালী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশের গণমাধ্যমের পাশাপাশি যুক্তরাজ্যের Burnley Express, Lancashire Telegraph এবং BBC বাংলা’র ‘প্রবাহ’ অনুষ্ঠানেও তাঁর ধারণ করা আলোকচিত্র স্থান পেয়েছে।

লেখালেখিতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন সময়ে দৈনিক ভোরের কাগজ ও এই সময় পত্রিকার পক্ষ থেকে পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি তাঁকে ‘২০২৫ সালের সেরা ফিচার লেখক’ সম্মাননায় ভূষিত করেছে।

‘দ্য রিপাবলিক’-এর মতো দীর্ঘ ঐতিহ্যবাহী ও প্রাচীন দৈনিকের মুদ্রণ সংস্করণে তাঁর আলোকচিত্র প্রকাশ পাওয়াকে তাঁর সৃজনশীল প্রতিভার একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এটি তাঁর লেখালেখি ও আলোকচিত্রচর্চার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি মর্যাদাপূর্ণ অর্জন।

শাহ মনসুর আলী নোমানের লেখার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে সমসাময়িক সমাজ, পরিবেশ দূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয় অবকাঠামোগত সমস্যা, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতি, প্রশাসন, রাজনীতি এবং মানবাধিকার। তাঁর একাধিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এসব প্রতিবেদনের পর বাস্তব উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের ঘটনাও রয়েছে।

বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করলেও দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাঁর কলাম, নিবন্ধ, প্রতিবেদন ও আলোকচিত্র। ইংল্যান্ডে যাওয়ার আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমজিএস (দ্বিতীয় মাস্টার্স) সম্পন্ন করে মেধাক্রমে নিজ ব্যাচে তৃতীয় স্থান অর্জন করেন। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও শাহ মনসুর আলী নোমানের সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি নানা কার্যক্রমে অবদান রেখে চলেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট; কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট; ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি), সিলেট শাখা এবং যুক্তরাজ্যভিত্তিক ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন।

লেখালেখি, আলোকচিত্র, শিক্ষা প্রশাসন ও সামাজিক কর্মকাণ্ড—বহুমাত্রিক এই ক্ষেত্রগুলোতে ধারাবাহিক সম্পৃক্ততার মধ্য দিয়ে শাহ মনসুর আলী নোমান তাঁর সৃজনশীল ও পেশাগত পরিচয়কে আরও বিস্তৃত করে চলেছেন। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘দ্য রিপাবলিক’-এর মুদ্রিত সংস্করণে তাঁর আলোকচিত্র প্রকাশ সেই ধারাবাহিকতারই একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে অভিহিত হচ্ছে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়