ঢাকা, সোমবার ১০ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৪, ৯ আগস্ট ২০২৬

আদিবাসীরা নাগরিক হয়েও অনেক রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

জলবায়ু সংকট, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ধ্বংস এবং সামাজিক বৈষম্যের মতো বৈশ্বিক ও আঞ্চলিক সংকটে দেশের আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।

তিনি বলেন, নাগরিক হওয়া সত্ত্বেও আদিবাসীরা অনেক রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের ঐতিহ্যগত জ্ঞান, জীবনযাপন, সংস্কৃতি ও নিরাপত্তা সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, “আমি দীর্ঘদিন ধরে আদিবাসীদের জীবনসংগ্রাম নিয়ে গবেষণা করছি। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে তাদের জীবন, কৃষ্টি-সংস্কৃতি ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেছি।”

বাংলাদেশ আদিবাসী ফোরাম, মৌলভীবাজার জেলা কমিটি; কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বলেন, “কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশ এগিয়ে যেতে পারে না। দেশের আদিবাসী জনগোষ্ঠী বর্তমানে সুরক্ষিত আছে বলেই টিকে রয়েছে। বর্তমান সংসদ সদস্য শওকতুল ইসলাম ইতোমধ্যে বিভিন্ন পুঞ্জি পরিদর্শন করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করছেন। আগামীতেও আমাদের সরকারের মেয়াদে কোনো পুঞ্জিতে অন্যায়ভাবে জবরদখল বা হয়রানি করতে দেওয়া হবে না।”

অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, ভয়েস অব রিভার মনুথরের প্রধান নির্বাহী এএসএম ছালেহ সোহেল, কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, বাংলাদেশ অবলেটস জাস্টিস অ্যান্ড পিস-এর সমন্বয়কারী ফাদার ভ্যালেন্টাইন তালাং এবং কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।

আলোচনা সভা শেষে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। এ সময় আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়