ঢাকা, সোমবার ১৩ জুলাই ২০২৬,   আষাঢ় ২৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ৮ জুন ২০২৬

মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা

মিঠাই বেকারী। ছবি: আই নিউজ

মিঠাই বেকারী। ছবি: আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোডে অবস্থিত ‘মিঠাই’ নামের একটি খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং সেবা প্রদানে অবহেলার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হলে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও সেবা প্রদানের ক্ষেত্রে অবহেলার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার ও এরিয়া ম্যানেজার লিখিতভাবে অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার করেন। এসময় লিখিত স্বীকারোক্তি ও ভবিষ্যতে সতর্ক থাকার আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ‘মিঠাই’ যেহেতু একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড, তাই তাদের কাছ থেকে এমন অবহেলাপূর্ণ সেবা প্রত্যাশিত নয়। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও বেশ কিছু মৌখিক অভিযোগও পাওয়া গেছে।

ভবিষ্যতে একই ধরনের অনিয়ম বা অবহেলার ঘটনা ঘটলে প্রতিষ্ঠানটি সিলগালা করে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। এছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়