ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৫, ২৭ আগস্ট ২০২৬

হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ, ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯-এর অভিযানে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৯ জানায়, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে রাত ২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রসুলপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি রাত ৩টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ফাতেমা বেগমকে আটক করা হলেও অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

পরে আটক ফাতেমাকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে বসতঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করা হয়। সেখান থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফাতেমা বেগম রসুলপুর এলাকার বাবুল মিয়ার স্ত্রী এবং আবুল কাশেম ও পুতুল বেগমের মেয়ে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে ফাতেমা জানায়, সে ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ফাতেমা বেগম, পলাতক ব্যক্তি এবং জব্দ করা মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়