Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২৭ মার্চ ২০২৬

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

দীঘিনালায় আগুনে অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

দীঘিনালায় আগুনে অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এক বছরের ব্যবধানে একই স্থানে আবারও বড় ধরনের আগুনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার বোয়ালখালী বাজারে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

দীঘিনালা ফায়ার স্টেশনের ইনচার্জ পঙ্কজ বড়ুয়া জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ওষুধ, কাপড়সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

অগ্নিনির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রতিবছরই দীঘিনালা ও বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তবে আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পানি ও স্থায়ী ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।

এদিকে পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান উৎসব বৈসাবিকে সামনে রেখে ব্যবসায়ীরা নতুন পণ্য তুলেছিলেন দোকানে। এমন সময়ে আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় অনেকেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা করছেন।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়