ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ১ জুন ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

অভিযুক্ত মাদরাসা শিক্ষক আবু রাহাত। ছবি: আই নিউজ

অভিযুক্ত মাদরাসা শিক্ষক আবু রাহাত। ছবি: আই নিউজ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আবু রাহাত ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের মো. আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সজীব কুমার দাস জানান, ঈদুল আজহার ছুটির আগে মাদরাসা বন্ধ হওয়ার সময় অন্যান্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দিলেও ওই শিশুকে মাদরাসায় রেখে জোরপূর্বক বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। পরে ঘটনাটি গোপন রাখার জন্য শিশুটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

ছুটি শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ দেখা দিলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

এ ঘটনায় শিশুটির মা সুহিলা বেগম বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আবু রাহাতকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়