Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে

প্রকাশিত: ০২:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

হিথরোতে যাত্রী নামিয়ে দিল বিমান

লন্ডনের হিথরো এয়ারপোর্টে সিলেটগামী এক প্রতিবন্ধী যাত্রীর সঙ্গে বিমান কর্মীদের আচরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। যাত্রীর পরিবার অভিযোগ করেছে, প্রয়োজনীয় মেডিকেল সনদ থাকা সত্ত্বেও তাকে বিমানে তুলতে গিয়ে পরে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত ১৫ ফেব্রুয়ারি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২-এ।

অভিযোগ অনুযায়ী, জিনাত আহমদ নামের ওই যাত্রী ডিমেনশিয়ায় আক্রান্ত এবং চলাফেরায় অন্যের সহায়তার প্রয়োজন হয়। তবে তার স্বামী দেওয়ান কবীর আহমদের ভাষ্য অনুযায়ী, ভ্রমণের জন্য তিনি জিপি প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট জমা দেন, যেখানে উল্লেখ ছিল যে তিনি সিলেট পর্যন্ত যাত্রার জন্য উপযুক্ত।

তারা নির্ধারিত সময়ে বিমান কাউন্টারে পৌঁছালে শুরুতে বলা হয়, এ ধরনের যাত্রীকে নেওয়া সম্ভব নয়। পরে আলোচনা চলাকালে জানানো হয় যে মেডিকেল সার্টিফিকেটটি গ্রহণযোগ্য নয়, কারণ সেটি যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে ইস্যু করা হয়নি। যাত্রীর স্বামী জানান, এ ধরনের সময়সীমা সম্পর্কে কোথাও স্পষ্টভাবে উল্লেখ ছিল না। তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেন বিষয়টি লিখিতভাবে জানাতে, যাতে তিনি জিপির সঙ্গে আলোচনা করতে পারেন। এরপর কাউন্টার থেকে ফোনে কথা বলার পর দুজনকেই বোর্ডিং পাস দেওয়া হয়।

পরিবারের দাবি, বোর্ডিংয়ের সময় তাদের আলাদা গেট দিয়ে বিমানে তোলা হয়। কবীর আহমদ বিমানে ওঠার পর জানতে পারেন, তার স্ত্রীকে ইতোমধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। পরে চিফ পার্সার জানান যে ওই যাত্রীকে তারা বহন করতে পারবেন না। অভিযোগ অনুযায়ী, কোনো লিখিত ব্যাখ্যা বা নোটিশ ছাড়াই তাদের লাগেজ নামিয়ে দিয়ে বিমানটি উড়ে যায়।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিরা জাতীয় ও আন্তর্জাতিক আইনে বিশেষ সহায়তা পাওয়ার অধিকার রাখেন। এ অবস্থায় এমন আচরণকে তারা বেআইনি, বৈষম্যমূলক এবং অপমানজনক বলে মনে করছেন। ঘটনাটি নিয়ে তারা পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ বিবেচনা করছেন।

এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়