ঢাকা, রোববার   ১৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

আইনিউজ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৪১, ১১ এপ্রিল ২০২১

করোনা : বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আর নেই

খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আর নেই। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েও তিনি চলে গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে। ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কারণেই পরবর্তী প্রভাবে তিনি মারা গেছেন। 

রোববার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানী ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য এ শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিতা হকের মেয়ে ফারহিন খান জয়িতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  গত ২৫ মার্চ মিতা হকের করোনা শনাক্ত হয়। প্রথমে নিজ নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। পরে তাকে (৩১ মার্চ)  হাসপাতালে নেওয়া হয়। সেখানে  সুস্থও হয়ে ওঠেছিলেন মিতা হক। ৯ এপ্রিল (শুক্রবার) নেগেটিভ রিপোর্ট আসে। নিয়ে যাওয়া হয় বাসায়।

কিন্তু ১০ এপ্রিল (শনিবার) সকালের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতয় আজ রোববার (১১ এপ্রিল) সকালের দিকে মারা যান গুণী এ শিল্পী।

এদিকে মিতা হকের জামাতা অভিনেতা মোস্তাফিজ শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘মিতা হক সকাল ৬.২০ এ চলে গেলেন। চলেই গেলেন। সবাই ভালোবাসা আর প্রার্থনায় রাখবেন।’

মিতা হক ১৯৬২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত অভিনেতা-পরিচালক খালেদ খানের স্ত্রী। তার একমাত্র কন্যা ফারহিন খান জয়িতাও  রবীন্দ্রসঙ্গীত শিল্পী।

মিতা হক প্রথমে তার চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছে গান শেখেন। ১৯৭৪ সালে তিনি বার্লিন আন্তর্জাতিক যুব ফেস্টিভালে অংশ নেন। ১৯৭৬ সাল থেকে তিনি তবলাবাদক মোহাম্মদ হোসেন খানের কাছে সঙ্গীত শেখা শুরু করেন। ১৯৭৭ সাল থেকে নিয়মিত তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত পরিবেশনা করছেন।

তিনি সুরতীর্থ নামে একটি সঙ্গীতপ্রশিক্ষণ দল গঠন করেন যেখানে তিনি পরিচালক ও প্রশিক্ষকে হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সহ-সভাপতি ছিলেন।

মিতা হক বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়